ভাতারে সিপিএমের হামলায় বিজেপির একঝাঁক কর্মী আহত
Sangbad Prabhati, 27 November 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : রাজনৈতিক ভাবে পূর্ব বর্ধমান জেলা ক্রমশঃ অশান্ত হয়ে উঠছে। শহর বর্ধমানের বাদামতলার ভাতারের ঘটনা সেই ইঙ্গিতই দিচ্ছে। জেলা বিজেপি নেতৃত্ব এর জন্য সরাসরি সিপিএম -কে দায়ি করছে। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি আশিস কুমার পাল বলেছেন, ভাতারে লাল ঝান্ডাধারী সিপিএমের অতর্কিত হামলায় বিজেপির একাধিক কার্যকর্তা আহত হয়েছেন। আহত কার্যকর্তারা বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তিনি হাসপাতালে গিয়েছিলেন। ছিলেন ভাতারের বিধায়ক তথা যুব মোর্চার সর্বভারতীয় সহ-সভাপতি সৌমেন কার্ফা।
আহত কর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের চিকিৎসা, পরবর্তী পদক্ষেপ এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনাও করেন।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য কখনও হিংসার অজুহাত হতে পারে না। গণতন্ত্রে মতের লড়াই হবে আদর্শ ও যুক্তির ভিত্তিতে। আক্রমণ ও সন্ত্রাসের মাধ্যমে নয়। এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



