চোখের জলে স্মরণীয় হয়ে রইলো শিক্ষকের বিদায়বেলা
Sangbad Prabhati, 31 October 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের পর্বতপুর হাই স্কুলে শনিবার ইংরেজি বিষয়ের শিক্ষক সুদীপ কুমার নন্দী তাঁর কর্মজীবন শেষ করলেন। আর সেই দিনেই এক বিরল দৃশ্য দেখা গেল স্কুল প্রাঙ্গণে। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তনীরা এদিন একযোগে তাঁদের শিক্ষককে সম্মান ও সম্বর্ধনা দিতে উপস্থিত হন। বিদায়বেলায় সকলের চোখে জল। বিদায় দিতে মন যেন চাইছে না আর সরকারি নিয়মে বিদায় নিতেই হবে তাঁকে। তাঁর এই অবসর জীবনের শেষ দিনে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষক, ছাত্র ছাত্রী এলাকার মানুষ। সকলেই তাঁদের প্রিয় শিক্ষককে তাঁর কর্ম জীবনের শেষ দিনে সম্মান, শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন।
সুদীপ বাবু তাঁর দীর্ঘ বক্তৃতায় তাঁর স্মৃতি রোমন্থন করেন। সুদীপ কুমার নন্দী পর্বতপুর স্কুলের ইংরেজির বিষয়ের শিক্ষক হিসাবে স্কুলে যোগদান করেন ১৯৯৫ সালের ২২ সেপ্টেম্বর। সেই দিন থেকে পথ চলা শুরু করে ৩১ অক্টোবর পর্যন্ত দীর্ঘ ৩১ বছর কাজ করে অবসর গ্রহণ করলেন। এর মাঝে সকলের অনুরোধে সহকারী প্রধান শিক্ষকের (সরকারি ভাবে নয়) দায়িত্ব পালন করেন। স্কুলের একাডেমিকের দায়িত্ব সামলেছেন। কত শত ছাত্র ছাত্রী তাঁর হাতে তৈরি হয়ে আজ জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। শনিবার বিদায়বেলায় সবাই এসে হাজির। তাঁর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে নানা অনুষ্ঠান করা হয়। তাঁর সমকালীন সহকর্মী গৌতম মল্লিক বলেন, অত্যন্ত গুণী মানুষ ছিলেন সুদীপ বাবু। তাঁর অভাব তাঁরা খুবই অনুভব করবেন। প্রধান শিক্ষক অতনু ঘোষ বলেন, সুদীপ বাবুর অভাব স্কুল অনুভব করবে। তাঁর মতো এত গুণী ছাত্র দরদী শিক্ষক সত্যি বিরল। বিদ্যালয়ের পক্ষ থেকে এবং ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে নানা উপহার তাঁর হাতে তুলে দেওয়া হয়। ছাত্র ছাত্রী সহ উপস্থিত সকলের জন্য দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের বাংলার শিক্ষক তাপস চক্রবর্তী।


