প্যায়ারা নিউট্রিশন : অন্যরকম বিজয়া
Sangbad Prabhati, 23 October 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মল্লিকপুকুর বস্তি এলাকায় পালিত হল বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন বালক বালিকার হাতে তুলে দেওয়া হল দুটি করে ফল ও এক প্যাকেট দুধ।
এছাড়াও ঋতুমতি বালিকাদের হাতে তুলে দেওয়া হয় রজঃ পটের মোড়ক বা স্যানিটারি প্যাডের প্যাকেট। নিজের জন্মদিন উপলক্ষ্যে খাবার ও অন্যান্য সামগ্রী দান করেন কেশবগঞ্জ চটির বাসিন্দা রিয়া সিংহ। এছাড়াও সংস্থার তরফে সারাবছর পড়াশোনা, খেলাধুলা, নাচ, গান ভালোভাবে করে চলা ৬ জন বালক বালিকাদের এককালীন ৫০০ টাকা করে অর্থ সাহায্য করা হয়।
সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন যে দেশ মধুমেহ রোগের রাজধানী হতে চলেছে সেই দেশে বিজয়ার নামে মিষ্টিমুখ করা চূড়ান্ত অস্বাস্থ্যকর। দিকে দিকে স্বাস্থ্যের বার্তা ছড়িয়ে দেবার জন্যই সোসাইটির এই আয়োজন।



