জামালপুর ব্লক অফিসের পক্ষ থেকে শারদ সম্মান
Sangbad Prabhati, 19 October 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ সারথী দে ঘোষণা করেছিলেন ব্লক অফিসের পক্ষ থেকে জামালপুর ব্লকের বিভিন্ন পূজাকে শারদ সম্মান দেওয়া হবে। সেই মোতাবেক মোট ৬ টি বিভাগে ১৮ টি পুজোকে পুরস্কৃত করা হয়। সেরা মন্ডপ, সেরা আলোকসজ্জা, সেরা প্রতিমা, সেরা পরিবেশ, স্বাস্থ্য সচেতনতা, সেরা মহিলা পূজা কমিটি এই ৬ টি বিভাগে পুরস্কৃত করা হয়। আজ ব্লক অফিস থেকে বিধায়ক, বিডিও, থানার ওসি ও বিচারকগণের উপস্থিতিতে বিধায়ক অরুণ হালদার বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের নাম ঘোষণা করেন।
সেরা মণ্ডপে প্রথম কলুপুকুর মা দুর্গা পূজা কমিটি, দ্বিতীয় মশাগ্রাম স্টেশন বাজার পূজা কমিটি ও তৃতীয় চৌবেড়িয়া সর্বজনীন দুর্গা পূজা কমিটি। সেরা আলোক সজ্জায় প্রথম হালারা সর্বজনীন দুর্গোৎসব কমিটি, দ্বিতীয় কাঁশরা ভুবনেশ্বর তলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি, যুগ্ম ভাবে তৃতীয় হয়েছে জামালপুর কিশলয় সমিতি ও জামালপুর গঞ্জ বারোয়ারি। সেরা প্রতিমায় প্রথম স্থান পেল কালারা বাজার ব্যবসায়ী সমিতি, দ্বিতীয় কলুপুকুর মা দুর্গা পূজা কমিটি, তৃতীয় স্থান পেল নেতাজী অ্যাথলেটিক ক্লাব। সেরা পরিবেশ প্রথম নেতাজী অ্যাথলেটিক ক্লাব, দ্বিতীয় মিলন সংঘ ও তৃতীয় স্থান পায় কাঠুরিয়াপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি। স্বাস্থ্য সচেতনতায় বিশেষ পুরস্কার পায় শ্রীকৃষ্ণপুর সর্বজনীন দুর্গা পুজো কমিটি। মহিলা পুজো কমিটি গুলির মধ্যে প্রথম হয় নাখরা উত্তরপাড়া সর্বজনীন, যুগ্ম ভাবে দ্বিতীয় স্থান পায় গুড়েঘর অন্নপূর্ণা মাতৃ শক্তি পূজা কমিটি ও চৌবেড়িয়া মা সিংহ বাহিনী দুর্গা পূজা কমিটি ও তৃতীয় স্থান লাভ করে হরগোবিন্দপুর মহিলা পূজা কমিটি।
বিধায়ক অরুণ হালদার বলেন, প্রত্যেককেই একটি করে সুন্দর ট্রফি ও একটি করে সার্টিফিকেট তাঁরা আজ থেকেই মণ্ডপে মণ্ডপে পৌঁছে দেবেন। ব্লক অফিসের পক্ষ থেকে এই পুরস্কার নিশ্চিত ভাবেই পুজো কমিটি গুলোকে আগামীতে আরও ভালো ভাবে পুজো করতে উৎসাহ দেবে।




