Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গাপুজোয় ফিটনেস ও পরিবেশ সচেতনতার বার্তা, বর্ধমান শহরে ‘পেডাল টু প্যান্ডেল’


 

দুর্গাপুজোয় ফিটনেস ও পরিবেশ সচেতনতার বার্তা, বর্ধমান শহরে ‘পেডাল টু প্যান্ডেল’

Sangbad Prabhati, 12 October 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দুর্গাপুজোর আনন্দের সঙ্গে শরীরচর্চা ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বর্ধমান শহরে অনুষ্ঠিত হল ‘পেডাল টু প্যান্ডেল ২০২৬’। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও ফিট ইন্ডিয়ার উদ্যোগে এবং পূর্ব বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন ও পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। পুজোর সময় যানজট ও দূষণ কমাতে সাইকেলের ব্যবহার বাড়ানো এবং সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। 

ফিট ইন্ডিয়ার স্টেট সাইক্লিং লিডার সন্দীপন সরকার জানান, ১০ অক্টোবর কলকাতার সল্টলেক থেকে এই কর্মসূচির সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আঞ্চলিক অধিকর্তা শিবানন্দ মিশ্র। প্রথম দিনের কর্মসূচিতে ভারতীয় সেনাবাহিনীর ৫ম বিহার রেজিমেন্টের সদস্যরা অংশ নেন।

১২ অক্টোবর বর্ধমান শহরে আয়োজিত তৃতীয় দিনের সাইকেল রাইডে অংশ নেয় বর্ধমান শ্রী রামাশিস হিন্দি হাই স্কুল, বর্ধমান টাউন স্কুল, বর্ধমান শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বিদ্যালয়, বর্ধমান নেহরু বিদ্যামন্দির হাই স্কুল, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের পড়ুয়া ও সদস্যরা। পাশাপাশি অংশ নেয় রোটারি ক্লাব অফ আমেনিটি বর্ধমানের সদস্যরাও। 

সাইকেল রাইডের উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়াল। উপস্থিত ছিলেন বিভাগীয় বন আধিকারিক সঞ্চিতা শর্মা।এই কর্মসূচিতে সাইকেল আরোহীদের ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরে অংশগ্রহণের মাধ্যমে বাংলার সংস্কৃতির সঙ্গে ফিটনেসের মেলবন্ধন ঘটানো হয়। কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের অধীন ফিট ইন্ডিয়ার তরফে অংশগ্রহণকারী সাইকেল আরোহীদের জন্য বিশেষ পাঞ্জাবির ব্যবস্থাও রাখা হয়েছে।

 সন্দীপন সরকার জানান, ১১ অক্টোবর পূর্ব মেদিনীপুরের কেয়ার অফ খেজুরির সহযোগিতায় দিঘা মেরিন ড্রাইভে দ্বিতীয় দিনের কর্মসূচিতে ২০০-রও বেশি যুবক ও সাইকেলপ্রেমী অংশ নেন। ১৩ অক্টোবর কোচবিহার সাইকেল কমিউনিটির সহযোগিতায় কোচবিহারে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। ১৪ অক্টোবর কলকাতার সাই রিজিওনাল সেন্টারে সমাপ্তি অনুষ্ঠানে বিভিন্ন জেলার আয়োজকদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ঐতিহ্য ও ফিটনেসকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।আয়োজকদের মতে, অল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে সাইকেল ব্যবহার বাড়লে জ্বালানির অপচয়, যানজট ও দূষণ কমাতে সাহায্য হবে। দুর্গাপুজোর আনন্দের পাশাপাশি সুস্থ জীবনযাপন ও পরিবেশবান্ধব যাতায়াতের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ।কর্মসূচির মূল বার্তা, “পুজো হোক আনন্দের, যাত্রা হোক পরিবেশবান্ধব।”