দুর্গাপুজোয় পরিবেশ সচেতনতার বার্তা, নতুন উদ্যোগ ‘পুজোভাইব গ্রিন অ্যাওয়ার্ডস’
Sangbad Prabhati 17 October 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দুর্গাপুজোর ঐতিহ্য ও আনন্দের সঙ্গে পরিবেশ রক্ষা এবং জলবায়ু সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ ‘পুজোভাইব গ্রিন অ্যাওয়ার্ডস’। স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন ও সাংস্কৃতিক সংস্থা এসআর প্রোডাকশনের উদ্যোগে এই পুরস্কারের মূল স্লোগান— “ঐতিহ্য থাকুক ট্রেন্ডে, পুজো হোক প্রকৃতির ছন্দে”।
পরিবেশবান্ধব মণ্ডপসজ্জা, প্লাস্টিক বর্জন, বর্জ্য পৃথকীকরণ, বিদ্যুৎ ও জল সাশ্রয় এবং সৃজনশীল প্রচারের মাধ্যমে নতুন প্রজন্ম, বিশেষত জেন-জিকে পরিবেশ রক্ষায় উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য। শুধু মণ্ডপের সৌন্দর্য নয়, পরিবেশ সচেতনতা তৈরিতে পুজো কমিটিগুলির বাস্তব অবদান ও ইতিবাচক প্রভাবের ভিত্তিতেই পুরস্কার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উদ্যোক্তা সায়ন রায় বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু সেরা মণ্ডপকে পুরস্কৃত করা নয়, বরং যেসব পুজো কমিটি নতুন প্রজন্মকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে ভাবতে শেখাচ্ছে, তাদের সম্মান জানানো।” উদ্যোক্তা পার্থ প্রতিম মিত্রের আশা, এই উদ্যোগ দুর্গাপুজোকে কেন্দ্র করে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল উদযাপনের নতুন সংস্কৃতি গড়ে তুলবে।
এই পুরস্কারের বিচারক হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও সাংবাদিক সুপ্রকাশ চৌধুরী, শিক্ষাবিদ ও সমাজকর্মী রামকৃষ্ণ দত্ত এবং বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও উদ্যোক্তা শ্রীজা হালদার।



