অন্নপূর্ণা যোজনার টাকায় দুর্গাপুজোর আয়োজনে এলাকায় মহিলাদের উচ্ছ্বাস
Sangbad Prabhati, 15 October 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে চৌবেড়িয়া তালপুকুর, রক্ষিতপুকুর পাড় সর্বজনীন মা সিংহবাহিনী মহিলা দুর্গা পূজা কমিটি মহিলাদের দ্বারা পরিচালিত প্রথম বর্ষের পুজোর উদ্বোধন করলেন জামালপুরের বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর ও বিজেপির ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল।
প্রসঙ্গত রাজ্য সরকার যখন রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু করেন প্রথম বার সেই টাকা পেয়ে এখানকার মহিলারা জানিয়ে ছিলেন সেই টাকা দিয়ে তাঁরা মাতৃ আরাধনা করবেন। এই পুজোয় বিশেষ ভাবে সাহায্য করেছেন মন্ডল সভাপতি স্বয়ং কারণ এটি তাঁরই বুথের পুজো। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির ১ নং মন্ডলের সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, খোকন ঢালী সহ অন্যান্যরা। পুজো মণ্ডপের ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে পুজো উদ্বোধন করা হয়। মণ্ডপের চারিদিকে ফ্লেক্সের মাধ্যমে বিভিন্ন সরকারী প্রকল্পের প্রচার করা হয়। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
বিডিও পার্থ সারথি দে তাঁর বক্তব্যে সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানান আনন্দের সাথে সকলকে পুজো উপভোগ করতে বলেন। তিনি বলেন, ব্লক প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল থেকে একটি টিম বিভিন্ন মণ্ডপে ঘুরবেন তাঁরা কয়েকটি বিষয়কে সামনে রেখে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারি নির্বাচন করবেন।
মহিলাদের দ্বারা পরিচালিত পুজো গুলোকে আলাদা ভাবে রাখা হয়েছে অর্থাৎ শুধু মহিলাদের দ্বারা পরিচালিত পুজো গুলোকে প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় আলাদা করে পুরস্কৃত করা হবে। প্রধান বাবু বলেন তাঁর নিজের পাড়ার এই পুজো মহিলারা নিজেদের উদ্যোগে এই পুজো করছেন। তিনি চান এই পুজো যেন আগামী দিনে তাঁদের গ্রামে উৎসবে পরিণত হয়। প্রশাসনিক ব্যক্তিরা আজ এটি ছাড়াও জামালপুর নেতাজী ক্লাব , কালারা বাজার ব্যবসায়ী সমিতি, হালারা বিপত্তারিনি ক্লাব সর্বজনীন সহ বিভিন্ন পুজোমন্ডপ উদ্বোধন করেন।





