Sangbad Prabhati, 1 September 2026
অতনু হাজরা, মেমারী : সংস্কৃত ভাষা হলো সকল ভাষার জননী। সংস্কৃত ভাষা আমাদের ঐতিহ্য। ভারতের অন্যতম প্রাচীন ভাষা হলো এই সংস্কৃত ভাষা। প্রাচীন কালে বেদ, উপনিষদ, দুই মহাকাব্য রামায়ণ ও মহাভারত, বিভিন্ন পুরান সবই এই সংস্কৃত ভাষাতেই লেখা। বর্তমানে এই ভাষার চর্চা প্রায় উঠে যেতে বসেছে।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই ভাষার মাহাত্ম্য, গুরুত্ব ছাত্র ছাত্রীদের কাছে তুলে ধরবার জন্য বিদ্যালয় গুলিতে সংস্কৃত দিবস পালন করার জন্য নির্দেশ দিয়েছে।
পূর্ব বর্ধমানের মেমারীর দক্ষিণ রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ে ৩১ আগস্ট সাড়ম্বরে পালন করা হলো সংস্কৃত ভাষা উদযাপন দিবস। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ প্রায় ৭০ জন শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল।
এই অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা সংস্কৃত ভাষায় গুরু বন্দনা, মহা মৃত্যুঞ্জয় মন্ত্র সহ নানা সংস্কৃত শ্লোক উপস্থাপন করে।
প্রধান শিক্ষক সন্দীপ রায় জানান, সংস্কৃত আমাদের ভারতীয়দের আদি ভাষা। এই ভাষা চর্চা শিক্ষার্থীদের মধ্যে যেমন আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবে তেমনি ওরা আমাদের সনাতন ঐতিহ্য সম্পর্কেও জানতে পারবে।






