এবার পুজোয় কেদারনাথের আদলে সেজে উঠবে জামালপুরের কালেড়া বাজার ব্যবসায়ী সমিতির মন্ডপ
Sangbad Prabhati, 4 September 2026
অতনু হাজরা, জামালপুর : নিষ্ঠা ও উৎসাহের মধ্য দিয়ে সম্পন্ন হলো কালেড়াঘাট বাজার ব্যবসায়ী সমিতির সর্বজনীন দুর্গোৎসবের খুঁটিপুজো। খুঁটিপুজোর মাধ্যমে শুরু হয়ে গেল এ বছরের দুর্গাপূজার প্রস্তুতি।
এ বছর এই পূজার প্রধান আকর্ষণ হতে চলেছে উত্তরাখণ্ডের বিখ্যাত তীর্থক্ষেত্র ‘কেদারনাথ’-এর আদলে তৈরি মণ্ডপ। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই গ্রামীণ এলাকায় দীর্ঘদিন ধরেই কেদারনাথের থিমে পূজা করার পরিকল্পনা ছিল তাদের। বাজেট ও নানা প্রতিকূলতার কারণে এতদিন তা সম্ভব না হলেও, এ বছর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া হচ্ছে।
সমিতির সম্পাদক সব্যসাচী গুহ জানান, প্রাথমিকভাবে পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা, তবে কাজ এগোনোর সাথে সাথে খরচ আরও বাড়তে পারে। বাজারের প্রায় ৩২৮ জন নিবন্ধিত ব্যবসায়ী ছাড়াও স্থানীয় সবজি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতায় এই পুজোর আয়োজন চলছে। সমস্ত ব্যবসায়ী এবং এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগেই এই উৎসব সাফল্যমণ্ডিত হবে বলে আশাবাদী পুজো কর্তৃপক্ষ।




