বিদ্যাসাগরের জন্মদিনে একাধিক কর্মসূচি বেলান বেল্লেশ্বর বিদ্যালয়ে
Sangbad Prabhati, 26 September 2026
অতনু হাজরা, গলসি : পূর্ব বর্ধমানের গলসির বেলান বেল্লেশ্বর বিদ্যালয়ে শনিবার পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে ও পশ্চিমবঙ্গ সরকারের সেবা সংকল্প অভিযান কর্মসূচিতে একাধিক কর্মসূচি পালন করা হয়। এরই অংশ হিসাবে ছাত্র ছাত্রীদের জন্য RFID এর মধ্যে ডিজিট্যাল উপস্থিতির ব্যবস্থার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষক নেতা দীপক মন্ডল। ছিলেন অরূপ মাঝি, সমাজসেবী ঋজু পাঁজা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রলয় কুমার ঘোষ। এদিন বিদ্যালয়ের নিজস্ব অ্যাপ ও বৈদ্যুতিন স্বয়ংক্রিয় ঘণ্টারও উদ্বোধন করা হয়।
এছাড়াও বিদ্যাসাগরের জন্মদিনে উপলক্ষ্যে বাল্য বিবাহ রোধ প্রসঙ্গে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন অধ্যাপিকা রুমা রায়। ছিলেন অভিভাবক ও অভিভাবিকারা। শিক্ষক নেতা দীপক বাবুকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রত্যন্ত গ্রামের এই স্কুলগুলোতে এই ধরনের প্রয়াস সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করেন। প্রধান শিক্ষক প্রলয় কুমার ঘোষ জানান, সেবা সংকল্প কর্মসূচিতে তাঁরা নানা অনুষ্ঠান করছেন।
২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনে তাঁরা ছাত্র ছাত্রীদের জন্য ডিজিট্যাল অ্যাটেনডেন্স ব্যবস্থা চালু করলেন। তিনি বলেন ছাত্র ছাত্রীদের উন্নয়ন কল্পে তাঁরা তাঁদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন। তিনি তাঁদের ডাকে সারা দিয়ে উপস্থিত হবার জন্য অতিথিদের ধন্যবাদ জানান।



