রক্তদাতাদের উৎসাহ দিতে আলু ব্যবসায়ী সমিতির মেগা রক্তদান শিবিরে জামালপুরের বিধায়ক
Sangbad Prabhati, 20 September 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে রানাপাড়া জৌগ্রাম আলুব্যবসায়ী সমিতি তাঁদের ২৬ তম বর্ষে মেগা রক্তদান শিবিরের আয়োজন করলো রবিবার রানাপাড়া কোল্ড স্টোরেজে। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার। তিনি ফিতে কেটে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন।
সাথে ছিলেন মন্ডল সভাপতি সুরভিলতা মন্ডল, শঙ্কর হাজরা সহ অন্যান্যরা। অরুণ বাবু বলেন বর্তমানে এই রক্ত সংকটের সময়ে রানাপাড়া আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই বিশাল রক্তদান শিবিরে সংগৃহীত রক্ত অনেক জীবন সংকটে থাকা মানুষের উপকারে আসবে বা মানুষের জীবন বাঁচাবে।
তিনি এই সমিতিকে ধন্যবাদ জানান। এখানে আসতে পেরে তাঁর নিজেরও খুব ভালো লাগছে। সমিতির সভাপতি মানস ঘোষ ও সম্পাদক জাকির হোসেন জানান। এই বছর তাঁদের রক্তদান শিবির ২৬ তম বর্ষে পড়ল। আজ এখানে ২৫১ জন রক্তদাতা রক্ত দিলেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় রেড ক্রস ও ক্যামরি ব্লাড ব্যাঙ্কের হাতে।




