নরেন্দ্র মোদীর জন্মদিন পালনে বিজেপি যুব মোর্চার উদ্যোগ : বেনারস থেকে গঙ্গা জল নিয়ে ভদনগর পর্যন্ত বাইক র্যালি
Sangbad Prabhati, 16 September 2026
অতনু হাজরা, হাওড়া : আগামীকাল ১৭ সেপ্টেম্বর ভারতের সর্বাধিক জনপ্রিয়, লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীজীর জন্ম দিন উপলক্ষ্যে সারা দেশ জুড়ে এই পুরো মাস ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মধ্যে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এই সেবা সংকল্প অভিযানে তাঁর কর্মস্থল উত্তরপ্রদেশের বেনারস থেকে (যেখান থেকে মোদীজী সাংসদ নির্বাচিত) তাঁর জন্মস্থান গুজরাটের ভদনগর পর্যন্ত দীর্ঘ প্রায় ১৪৮০ কিমি বেনারস থেকে গঙ্গা জল নিয়ে ভদনগর পর্যন্ত একটি বাইক র্যালি করা হবে ১৭ সেপ্টেম্বর থেকে।
এই উপলক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্য থেকে যুব মোর্চার কর্মীরা বেনারস পৌঁছাচ্ছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জেলা থেকে যুব মোর্চার কর্মীরা বেনারস যাবার জন্য হাওড়া স্টেশনে উপস্থিত হন। তাঁদের বরণ করে নিতে হাওড়ায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়, যুব মোর্চার প্রদেশ সভাপতি ইন্দ্রনীল খাঁ সহ অন্যান্যরা। যুব মোর্চার যে দলটি বেনারস যাচ্ছেন সেই দলে যাচ্ছেন কলকাতা জেলার যুব মোর্চার সভাপতি সুবোধ দাস, কাটোয়া সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, বীরভূম জেলার সহ সভাপতি বিশ্বরূপ রুজ, ব্যারাকপুর, বনগাঁ, বারাসত সহ সকল জেলার যুব মোর্চার পদাধিকারীরাও উপস্থিত ছিলেন। প্রশান্ত বাবু জানান, এই র্যালী যেখানে যেখানে থামবে সেখানেই নানা অনুষ্ঠান করা হবে। তাঁদের লোকপ্রিয় প্রধানমন্ত্রীর জন্মদিন তাঁরা স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছেন।




