পূর্ব বর্ধমানে শুরু হল জেলা স্তরীয় ইয়ুথ পার্লামেন্ট প্রতিযোগিতা
Sangbad Prabhati, 15 September 2026
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পশ্চিমবঙ্গ সরকারের সংসদীয় বিষয়ক দপ্তরের উদ্যোগে বর্ধমান টাউন স্কুলে জেলা স্তরীয় ইয়ুথ পার্লামেন্ট প্রতিযোগিতা ২০২৬-২৭ এর শুভ উদ্বোধন হয় মঙ্গলবার। তিনদিন ব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মিনিস্টার ক্ষুদিরাম টুডু।
এবারের প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার ২৩টি ব্লকের সেরা ২৩টি এবং ৬টি পৌরসভা এলাকার সেরা ৬টি, মোট ২৯টি বিদ্যালয় অংশগ্রহণ করছে। এর মধ্যে ১৫ সেপ্টেম্বর ১৬টি এবং ১৬ সেপ্টেম্বর ১৩টি বিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ১৭ সেপ্টেম্বর পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
এই প্রতিযোগিতায় মূল ইয়ুথ পার্লামেন্ট ছাড়াও তাৎক্ষণিক বক্তৃতা, প্রবন্ধ রচনা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (শিক্ষা) প্রতীক সিং, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দেবব্রত পাল, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) চন্দ্রাণী চৌধুরী, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের (ABRSM) রাজ্য সহ-সভাপতি শিব মনি সাউ, জেলা সভাপতি ধ্রুবজ্যোতি ঘোষ, জেলা সম্পাদক পার্থসারথি ঘোষ এবং উচ্চ শিক্ষা বিভাগের ড. অর্পণ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।


