দামোদর নদে জলস্তর বাড়ছে : পরিদর্শনে বিধায়ক, বিডিও এবং বিজেপির মন্ডল সভাপতি
Sangbad Prabhati, 3 September 2026
অতনু হাজরা, জামালপুর : ক্রমাগত বর্ষণের ফলে ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়তে শুরু করেছে। বুধবার সকাল থেকে আজ বিকেল তিনটে পর্যন্ত পাঁচ দফায় জল ছাড়া হয়েছে। বুধবার সকাল ৭টায় ৮২৫০০ কিউসেক জল ছাড়ার পর দুপুর ১টায় ছেড়েছে ১১১৪০০ কিউসেক। আজ সকাল ৬ টায় ১২৩২২৫ কিউসেক জল ছাড়া হয়েছে। ফের সকাল ৯ টায় ১৩৮৫২৫ কিউসেক জল ছাড়া হয়েছে। এরপর বিকেল ৩ টায় ১৪৭৫৭৫ কিউসেক জল ছাড়া হয়েছে।
স্বাভাবিক ভাবেই এক দিকে বৃষ্টি অন্যদিকে জল ছাড়ায় হু হু করে বাড়ছে দামোদর নদের জলস্তর। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে দামোদর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের। পূর্ব বর্ধমানের জামালপুরে প্রতি বছরই দামোদরের জল বাড়লে চারটি অঞ্চল কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। পাঁচড়া, জামালপুর ১, বেরুগ্রাম ও জোতশ্রীরাম এই অঞ্চলগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে জোতশ্রীরাম অঞ্চল।
গতকাল থেকেই এলাকা পরিদর্শন করছিলেন জামালপুর ১ মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। আজ সকালেই বিধায়ক অরুণ হালদার নিজে সরেজমিনে পাঁচড়া অঞ্চলের দাদপুর ও জোতশ্রীরাম অঞ্চলের অমরপুর, সোনারগরিয়া সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও ওই এলাকার মানুষের সাথে কথা বলেন। তাঁর সঙ্গে সেচ দপ্তরের আধিকারিক ও দুই মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল ও সন্তু শীল ছিলেন। অরুন বাবু সকলের উদ্দেশ্যে বলেন কেউ অযথা আতঙ্কিত হবেন না। সকলে সতর্ক থাকুন সরকার ও ব্লক প্রশাসন সব সময় পাশে আছে। তিনি বলেন ইরিগ্রেশনের আধিকারিকের সাথে তাঁর কথা হয়েছে। কয়েকটি জায়গায় যে সমস্যা আছে সেই জায়গা গুলোতে কাজ শুরু হয়েছে সন্ধ্যার মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। এছাড়াও হানাসপুরে ওখানে একটি প্রজেক্ট নিয়ে তাঁর সাথে কথা হয়েছে। তিনি এই প্রজেক্টটি নিয়ে দপ্তরের মন্ত্রীর সাথে কথা বলবেন। কাল রাত থেকেই জল বাড়ার জন্য তাঁর মণ্ডলের নদীর বাঁধ সংলগ্ন এলাকায় গ্রাম গুলিতে বার বার পরিদর্শন করেন। মানুষকে আশ্বস্ত করেন ভয়ের কোনো কারণ নাই। তাঁরা সব সময় সাধারণ মানুষের পাশে আছেন। আজ সকাল থেকেই নদীর ধারে যে সমস্ত গ্রামে গুলি আছে সেগুলি সরেজমিনে দেখতে হাজির হন ব্লকের বিডিও পার্থ সারথী দে। তিনি নিজে আজ দাদপুর, অমরপুর, জোরবাঁধ, সারাঙপুর সহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন। তিনি বলেন দামোদরের জল বাড়ছে। তবে তিনি সকলকে আশ্বস্ত করে বলেন কেউ যেন অযথা আতঙ্কিত না হন। ব্লক প্রশাসন বন্যা পরিস্থিতি যদি সৃষ্টি হয় তার মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সরকার মানুষের পাশে সব সময় আছে। প্রধান বাবু বলেন তাঁদের বিধায়কের নির্দেশে তাঁরা সব সময় সজাগ আছেন।



