একাগ্রতা আর অধ্যবসায়ের অপর নাম অঙ্কন পাত্র
Sangbad Prabhati, 2 September 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : একাগ্রতা নিষ্ঠা আর অধ্যবসায়ের অপর নাম অঙ্কন পাত্র। কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অঙ্কন নিট পরীক্ষায় সর্বভারতীয় পাঁচ হাজারের কাছাকাছি স্থান অধিকার করে ১ সেপ্টেম্বর বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তার এই সাফল্য এসেছে তার প্রথম শিক্ষিকা মা কৃষ্ণা পাত্র এবং শিক্ষক বাবা অরুণ পাত্রের হাত ধরে।
আজ ডি এন দাস হাই স্কুলের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রার্থনাসভায় অঙ্কনকে উত্তরীয়, পুষ্পস্তবক এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত অঙ্কনের ভূয়সী প্রশংসা করে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নিজেকে চেনাই প্রকৃত অর্জন। আমাদের সবার মধ্যে যে বড় হওয়ার বীজ আছে সেটাকে চারাগাছ এবং তারপর একদিন বৃক্ষে পরিণত করব এই প্রতিজ্ঞা হোক তোমাদের। শিক্ষক দীপ্তসুন্দর মুখোপাধ্যায় বলেন, প্রকৃতিগতভাবে শান্ত এবং অন্তর্মুখী অঙ্কন আজ জীবনের অর্থ খুঁজে পেয়েছে। এবং পরিশ্রমের পুরস্কার পেয়েছে।
শিক্ষক সামিম মণ্ডল, কৃষ্ণেন্দু দে, শিক্ষাকর্মী তরুণ দাস অঙ্কনের ছাত্রজীবনের কথা বলেন। বাংলা মাধ্যমে পড়াশোনা করা অঙ্কন সমবেত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানায়, জন্ম আমাদের হাতে নেই, কিন্তু কর্ম আমাদের হাতে। আমরা যে পরিবারেই জন্মাই না কেন, যেমনই পরিবেশের মধ্যে থাকি না কেন, লক্ষ্য স্থির থাকলে আমরা সবকিছুই করতে পারি। বিভিন্ন প্রশিক্ষণ সংস্থার সাহায্য নেওয়া অঙ্কন জানায় ক্লাসের সময় ধরে দিনে ১৩/১৪ ঘণ্টা পড়তে হয়েছে। করতে হয়েছে প্রচুর মক টেস্ট অভ্যাস। সোশাল মিডিয়াতে কোন অ্যাকাউন্ট না থাকা অঙ্কন পাত্র জানায়, ভবিষ্যতে মানবদেহে স্নায়ুতন্ত্র নিয়ে আরও পড়াশোনা করার ইচ্ছে আছে তার।





