জনগণনা শুরু উপলক্ষে জামালপুর ব্লক অফিসে অনুষ্ঠান
Sangbad Prabhati, 1 August 2026
অতনু হাজরা, জামালপুর : ১ আগস্ট থেকে সারা দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনার কাজ। আজ ১ লা আগস্ট থেকে ১৫ ই আগস্ট পর্যন্ত দেশের জন সাধারণ নিজের মোবাইল থেকেই তাঁর নিজের জনগণনার কাজ নিজেই মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারবেন। সেই উদ্দেশ্যেই এদিন জামালপুর ব্লক অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ হালদার, বিডিও পার্থ সারথী দে, সমাজকর্মী প্রধান চন্দ্র পাল সহ সাধারণ মানুষরা। ব্লকের জনগণনার দায়িত্ব প্রাপ্ত অফিসার কীভাবে অন লাইনে ফর্ম ফিলাপ করে তথ্য প্রদান করতে হবে সেবিষয়ে হাতে কলমে দেখিয়ে দেন।
বিধায়ক অরুণ হালদার তাঁর বিধানসভার সকলের উদ্দেশ্যে বলেন আজ ১ লা আগস্ট থেকে যাঁদের সম্ভব হবে প্রত্যেকেই অনলাইনে জনগণনার জন্য নিজের নিজের তথ্য প্রদান করবেন। তিনি বলেন এই তথ্য সম্পূর্ণ গোপন থাকবে। নির্দিষ্ট তথ্য দিলেই একটি নির্দিষ্ট আই ডি আসবে। সেই আই ডি বাড়িতে জনগণনার জন্য সরকারি আধিকারিক গেলে তাঁদের দিলেই তাঁরা সব দেখে ও বুঝে নেবেন। তিনি আরও বলেন জনগণনায় সঠিক তথ্য দিলেই সেই তথ্যের ভিত্তিতে সরকার কোনো এলাকার উন্নয়নের কাজ ঠিক করবেন। তাই সকলকে সঠিক তথ্য দিতে তিনি অনুরোধ করেন।


