বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন
Sangbad Prabhati, 11 August 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, ১১ আগস্ট : মেমারি হাই মাদ্রাসা (উঃ মাঃ) তে ছাত্রী ও শিক্ষিকাদের পঠনপাঠন চলাকালীন যাতে কোন প্রকার সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই পরিস্থিতি বিবেচনায় বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিদ্যালয়ে একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহ, স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে ঐশী ঘোষ দস্তিদার, সমাজকর্মী সেখ সবুরউদ্দিন ও সমাজসেবী ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল আলিম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলকান্ত কর্মকার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। এদিনের অনুষ্ঠানে বিধায়ককে বিদ্যালয়ের পক্ষ ও ছাত্রছাত্রীদের মধ্য থেকে উষ্ণ অভ্যর্থনা ও উপহার সামগ্রী দিয়ে ভরিয়ে দেওয়া হয়। তারমধ্যে দুই ছাত্রীর হাতে আঁকা বিধায়কের দু'টি ছবি বিধায়ক মানব গুহ-কে আপ্লুত করে তোলে। তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে প্রশ্নোত্তরে বেশ মজার ছলে মতবিনিময় করেন।
অপরদিকে ঐশী ঘোষ দস্তিদার জানান প্রতি মাসেই বিদ্যালয়ে এসে মেশিনে ন্যাপকিন আপলোড করা ও রক্ষণাবেক্ষণ করবেন, যাতে সারা বছর স্যানিটারি ন্যাপকিনের অভাব না হয়। এছাড়াও তিনি বিদ্যালয়ে ছাত্রী ও শিক্ষিকাদের নিয়ে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার ও হাইজিন বিষয়ক সেমিনার করার ইচ্ছা প্রকাশ করেন। বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিধায়কের কাছে কিছু পরিকাঠামোগত সহায়তার দাবি জানালে বিধায়ক বলেন প্রত্যেক বিধায়ক উন্নয়ন তহবিলে প্রতি বছর দুই পর্বে ১ কোটি টাকা পায়। প্রথম বছরের টাকা তিনি শুধু বিধানসভা এলাকার বিদ্যালয়গুলির জন্য দেবেন।


