সুবর্ণজয়ন্তী বর্ষে ‘সেভেন স্টার কালচারাল সোসাইটি’ : বছরজুড়ে নানা সাংস্কৃতিক কর্মসূচি
Sangbad Prabhati, 30 August 2026
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পূর্ব বর্ধমানের সাংস্কৃতিক জগতে সেভেন স্টার কালচারাল সোসাইটি একটি উল্লেখযোগ্য নাম। আগামী ৩ সেপ্টেম্বর সংস্থা পঞ্চাশ বছরে পদার্পণ করছে। পঞ্চাশ বছরের গৌরবময় পথচলা উপলক্ষে বছরজুড়ে সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েছে বর্ধমানের সেভেন স্টার কালচারাল সোসাইটি। ২০২৬-২০২৭ বর্ষকে সামনে রেখে নাটক, সংগীত, কবিতা, নৃত্যচর্চা-সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনের দীর্ঘ পথচলার স্মৃতি ও ঐতিহ্যকে সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ৩০ আগস্ট বর্ধমানের মুক্তমঞ্চে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি শঙ্কর ব্যানার্জী, সেভেন স্টার কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সম্পাদক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেভেন স্টার কালচারাল সোসাইটির সদস্য অর্পিতা নন্দী কোনার, সংহিতা মল্লিক চক্রবর্তী ও মধুমিতা কোনার।
সেভেন স্টার কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে জানান, আগামী ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী বর্ষের আনুষ্ঠানিক সূচনা হবে। বর্ধমান টাউন হল প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে বর্ধমান রবীন্দ্র ভবনে শেষ হবে। সেখানেই অনুষ্ঠিত হবে সুবর্ণ জয়ন্তী বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে। এরপর ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২০২৬ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী অনু নাট্য উৎসব। স্থানীয় ও বহিরাগত নাট্যদলের অংশগ্রহণে এই উৎসবকে ঘিরে নাট্যপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
২৮ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে সাহিত্য ও সংস্কৃতি উৎসব। বর্ধমান রেলওয়ে রঙ্গমঞ্চে সমবেত সংগীত, নাট্য পরিবেশনা, কবিতা পাঠ ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন থাকবে।
নতুন বছরের শুরুতেই ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি ২০২৭ বর্ধমান রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী একাঙ্ক নাট্য উৎসব। স্থানীয় ও বহিরাগত নাট্যদলের অংশগ্রহণে এই উৎসবের আয়োজন করা হবে। এছাড়াও ৮ মে ২০২৭ অনুষ্ঠিত হবে নাট্য আলোচনা ও প্রতিযোগিতা। বিশিষ্ট নাট্যব্যক্তিত্বদের উপস্থিতিতে নাট্য আলোচনা, সমবেত সংগীত এবং নাট্য পরিবেশনার মাধ্যমে দিনটি উদযাপিত হবে।
সবশেষে ৩ সেপ্টেম্বর ২০২৭ অনুষ্ঠিত হবে সুবর্ণজয়ন্তী বর্ষের সমাপনী পর্ব। নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের দীর্ঘ পথচলাকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাপ্তি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি শঙ্কর ব্যানার্জী বলেন, এই সুবর্ণজয়ন্তী বর্ষ শুধু একটি প্রতিষ্ঠানের ৫০ বছরের পথচলার উদযাপন নয়, বরং পূর্ব বর্ধমানের সাংস্কৃতিক ঐতিহ্য ও নাট্যচর্চার সঙ্গে যুক্ত মানুষদের একত্রিত করারও একটি বিশেষ উদ্যোগ। বর্ষব্যাপী অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছেন উদ্যোক্তারা।




