অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেয়েই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মহিলাদের বিশাল মিছিল
Sangbad Prabhati, 26 August 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে অন্নপূর্ণা যোজনায় প্রায় ৬৩ হাজার মহিলাদের একাউন্টে ৩০০০ করে টাকা দেওয়ায় মহিলাদের নিয়ে এক বিশাল ধন্যবাদ মিছিল করা হয়। বিজেপির ১ নং মণ্ডলের সভাপতি প্রধান চন্দ্র পালের নেতৃত্বে ধুলুক গ্রামে এই মিছিলে সকলের সাথে পা মেলান জামালপুরের বিধায়ক অরুণ হালদার। ছিলেন মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, মহিলা মোর্চার নেত্রী হেনা রানী মন্ডল, টুম্পা ঢল সহ অন্যান্যরা। মিছিলে হাজার হাজার মহিলারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই মিছিলে পা মেলান। মিছিল শেষে একটি পথসভা করা হয়।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অরুণ হালদার সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁকে বিধায়ক হিসাবে এখান থেকে জেতাবার জন্য। তিনি বলেন, ভোটের আগে অনেকেই সন্দিগ্ধ ছিলেন যে তিনি হয়তো জিততে পারবেন না। কিন্তু তিনি নিজে আত্মবিশ্বাসী ছিলেন তাই প্রথম দিনই তিনি ঘোষণা করেছিলেন ১ ভোটে হলেও তিনি জিতবেন। আর সেটা সম্ভব হয়েছে জামালপুরবাসীর জন্যই। তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের সাথে থাকার বার্তা দেন। এরই পাশাপাশি তিনি রাজ্য সরকারের ১০০ দিনের পূর্তির সাফল্য, মুখ্যমন্ত্রীর সাফল্যের কথা তুলে ধরেন এবং কর্মী সমর্থকদের এখন থেকেই পঞ্চায়েত ভোটের জন্য তৈরী হতে বলেন।
প্রধান বাবু বলেন তাঁর মণ্ডলের দিকে দিকে মহিলাদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ধন্যবাদ জ্ঞাপন মিছিল করছেন তাঁরা। সারা রাজ্যের বিপুল সংখ্যায় মহিলাদের ৩০০০ করে টাকা দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারই সাথে জামালপুরে ৬৩ হাজার মহিলাদের একাউন্টে সাম্মানিক হিসাবে ৩০০০ করে টাকা পৌঁছে দেবার মূল কারিগর জামালপুরের বিধায়ক অরুণ হালদার কেও ধন্যবাদ জানান।




