ড. রঙ্গনাথনকে শ্রদ্ধা জানিয়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারিক দিবস উদযাপন
Sangbad Prabhati, 13 August 2026
লুতুব আলি, আসানসোল : কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগারিক দিবস পালিত হল। ১৩ আগস্ট ভারতের গ্রন্থাগার বিজ্ঞানের জনক ড. এস. আর. রঙ্গনাথনের জন্মবার্ষিকী স্মরণে ১৯৬৮ সাল থেকে সারা দেশে এই দিনটি পালিত হয়ে আসছে। এই দিনটির তাৎপর্য হল গ্রন্থাগার ও গ্রন্থাগারিকদের সমাজে ভূমিকাকে স্বীকৃতি দেওয়া। বই, জ্ঞান ও তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করে শিক্ষা, গবেষণা, জ্ঞান বিনিময় এবং শিক্ষাগত উৎকর্ষতাকে এগিয়ে নিয়ে যাওয়াই গ্রন্থাগারিকদের মূল কাজ। ড. রঙ্গনাথনের "গ্রন্থাগার বিজ্ঞানের পাঁচটি সূত্র" আজও বিশ্বজুড়ে গ্রন্থাগার পরিচালনার ভিত্তি। সূত্রগুলি হল — বই ব্যবহারের জন্য, প্রত্যেক পাঠকের জন্য তাঁর বই, প্রত্যেক বইয়ের জন্য তার পাঠক, পাঠকের সময় বাঁচানো এবং গ্রন্থাগার একটি ক্রমবর্ধমান প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে বক্তারা ড. রঙ্গনাথনের কর্মকাণ্ডের উপর আলোকপাত করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক হিসেবে দায়িত্ব পালনের সময় ভারতে আধুনিক গ্রন্থাগার ব্যবস্থার গোড়াপত্তন করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। ১৯৫৪ সালে তিনি ভারতীয় গ্রন্থাগার সমিতির সভাপতি নির্বাচিত হন এবং দেশজুড়ে গ্রন্থাগার আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। তাঁর রচিত "Colon Classification" পদ্ধতি আজও গবেষকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিন অফ আর্টস, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের অধ্যাপক, আধিকারিক, কর্মী এবং ছাত্রছাত্রীরা। বক্তারা আধুনিক যুগে ডিজিটাল গ্রন্থাগারের গুরুত্ব নিয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষে গ্রন্থাগারিক ড. বিশ্বজিৎ সাহা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।



