সরকারি পোর্টালে ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপ নথিভুক্তকরণ বাধ্যতামূলক, উদ্যোগী ডি এন দাস হাই স্কুল
Sangbad Prabhati, 22 August 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্য সরকারের নিয়ম অনুসারে ইউ-ডাইস পোর্টালে বাধ্যতামূলকভাবে প্রতিটি ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ নথিভুক্ত করতে হবে। সেই লক্ষ্যে ২১ আগস্ট কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে বর্ধমান রোটারি ক্লাবের পক্ষ থেকে চিকিৎসক এবং কর্মীরা এসে সতর্কতামূলক ব্যবস্থাপনার সঙ্গে ১০০ জন ছাত্রছাত্রীর রক্ত পরীক্ষা করেন এবং মৌখিকভাবে গ্রুপ জানিয়ে দেন। রোটারির পক্ষে চিকিৎসক ডাঃ অরিন্দম মণ্ডল জানান, রোটারি সারা বছর ধরেই জনকল্যাণমূলক কাজকর্ম করে থাকে এবং রাজ্য শিক্ষা দপ্তরের এই কর্মধারার সঙ্গে যুক্ত থাকা তারই একটি স্বীকৃতি।
গ্রামীণ জনস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, বিদ্যালয়ে এই বিনামূল্যের পরীক্ষার ফলে ছাত্রছাত্রীদের বাইরে কোথাও যাওয়ার ঝামেলা হল না। বর্ধমান রোটারিকে আন্তরিক সাধুবাদ জানাই।
শিক্ষক বাসুদেব মণ্ডল জানান, রক্তের গ্রুপ সমন্বিত পোর্টালে পিইএন অর্থাৎ পার্মানেন্ট এডুকেশনাল নাম্বার প্রতি ছাত্রছাত্রীর ইউনিক হবে এবং পিইএন ব্যবহার করে সে দরকারে দেশের যে কোন রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। সরকারের এই প্রচেষ্টাকে স্বাগত।রোটারির পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডাঃ সুজন সরকার, ডিরেক্টর মেহবুব হোসেন, জয়েন্ট সেক্রেটারি দেবকুমার ভট্টাচার্য, সম্পাদক সোহম হাজরা প্রমুখ। ডাঃ সরকার বলেন, যে ছাত্রদের ব্লাড গ্রুপের কার্ড বানিয়ে তাদের হাতে পরে তুলে দেবেন।
স্বাধীনতা পালন সপ্তাহে যে প্রতিযোগিতাগুলি হয়েছিল আজ তার পুরস্কারও দেওয়া হয়। নৃত্য, সঙ্গীত, অঙ্কন, কুইজ এবং প্রবন্ধ রচনাতে মোট ৪৩টি পুরস্কার, বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। অষ্টম শ্রেণির ছাত্রী প্রথমা জানায়, স্বাধীনতা দিবসের ওপর তার লেখা প্রবন্ধ প্রথম হয়েছে, এবং এই পুরস্কার তাকে আরও উৎসাহ এনে দেবে।







