মুখ্যমন্ত্রীর নির্দেশে কালোবাজারি রুখতে অভিযানে নামলেন বিধায়ক সহ সরকারি আধিকারিকরা
Sangbad Prabhati, 25 August 2026
অতনু হাজরা, জামালপুর : হঠাৎ করেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়ে চলেছে। বিশেষ করে চিনির দাম হয়েছে আকাশ ছোঁয়া। এই বিষয়ে বিশেষ পদক্ষেপ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশেই সরকারী অফিসাররা এবং বিধায়করা বাজার পরিদর্শন করছেন।
আজ পূর্ব বর্ধমানের জামালপুর বাজার ও শুঁড়ে কালনা বাজার পরিদর্শন করলেন বিধায়ক অরুণ হালদার, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল, বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর, প্রধান চন্দ্র পাল, প্রদীপ বাগ সহ অন্যান্যরা। তাঁরা প্রতিটি দোকানে দোকানে ঘুরে দেখে দোকানদারদের সাথে কথা বলেন। এস ডি ও বুদ্ধদেব বাবু বলেন সরকারী নির্দেশে তাঁরা ভিজিট করছেন। সমস্ত বিষয়টা তাঁরা নিজে দেখে উপর মহলে রিপোর্ট করবেন।
বিধায়ক অরুণ হালদার বলেন তাঁরা খবর পাচ্ছিলেন এবিষয়ে তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁরা এই পরিদর্শন করছেন। তাঁরা বিভিন্ন দোকান বা বাজার ঘুরে দেখতে চাইছেন এই দাম বৃদ্ধি সত্যি নাকি কালোবাজারি করার জন্য এটা করা হচ্ছে। তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমে এলাকার ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেন কোনো ভাবেই মজুতদারী বরদাস্ত করা হবে না। তাঁরা গোপন ভাবেই তদন্ত চালাবেন বলে জানান। এই ভাবে প্রশাসনিক কর্তাদের বাজারে বা দোকানে পরিদর্শনে যদি সত্যি কালোবাজারি বা মজুতদারি আটকানো যায় তাহলে আখেরে সাধারণ মানুষেরই লাভ হবে।



