শতবর্ষ প্রাচীন দীননাথ দাস বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন
Sangbad Prabhati, 15 August 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : স্বাধীনতা দিবসের ৮০ তম বর্ষ শহর বর্ধমানের অন্যতম শতবর্ষ প্রাচীন কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয় যথাযোগ্য মর্যাদায় পালন করে। জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত।
ভাষণে সুভাষ বাবু বলেন, এই দেশে জন্ম নিয়ে আমি গর্বিত। প্রণাম জানাই সকল স্বাধীনতা সংগ্রামীদের, তাঁদের জন্যেই আজ আমরা বৃহত্তম গণতন্ত্রের ধারক ও বাহক হওয়ার যোগ্যতা অর্জন করেছি। দ্বিজেন্দ্রলালের ভাষায় ‘সকল দেশের সেরা’ আমার দেশ নানা সঙ্কটের মধ্যেও ক্রমঅগ্রসরমান। আমরা যেন নিজেরা নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করি এই হোক আজকের অঙ্গীকার। বিদ্যালয়ের অভিজ্ঞ বরিষ্ঠ শিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় বলেন, "বিবিধের মাঝে মিলন মহান" আমরা যেন পরাধীনতার দেশ ভাগের গ্লানি দূর করে এই জাতীয় পতাকা ও এই স্বাধীনতাকে সঠিক মূল্য দিতে পারি।
আজ সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি শোভাযাত্রা কাঞ্চননগর উদয়পল্লীর পথ পরিক্রমা করে। সরকারি নির্দেশ অনুসারে বিভিন্ন মনীষীর চিত্র, বাণী এবং দেশাত্মবোধক গানের উদ্ধৃতি, পাঠ, আবৃত্তি এবং সঙ্গীতের সমন্বয়ে শিক্ষক বাসুদেব মণ্ডলের পরিচালনায় ত্রিবর্ণ পতাকা হাতে ছাত্রছাত্রী ও সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মিলিত শোভাযাত্রা হয়ে ওঠে উজ্জ্বল।
শিক্ষিকা সুনীতা সাহার ব্যবস্থাপনায় ও দীপ্ত সুন্দর বাবুর পরিচালনায় অঙ্কন, প্রবন্ধরচনা, কুইজ, নৃত্য, সঙ্গীত ইত্যাদি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিবিধ পুরস্কার জিতে নেয় ছাত্রছাত্রীরা। ক্যুইজে প্রথম স্থানাধিকারী দলের সদস্য সপ্তম শ্রেণির ছাত্রী শ্রাবণী ভট্টাচার্য জানায়, পড়াশোনার সঙ্গে অন্যান্য শিক্ষাপ্রদ অনুষ্ঠানের জন্য এই বিদ্যালয় আমাদের খুব প্রিয়। নবম শ্রেণির ছাত্রীরা প্রকাশ করে স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেওয়াল পত্রিকা বিশেষ রঙিন সংখ্যা ‘স্পন্দন’। বিদ্যালয়ের শিশু সংসদের প্রধানমন্ত্রী অষ্টম শ্রেণির ছাত্রী সায়ন্তিকা কর্মকারের নেতৃত্বে সকল মন্ত্রী ও সহকারীরা আজকের অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব সফলভাবে পালন করে।
সবুজ ভলেন্টিয়ারদের নিয়ে ইকো ক্লাবের অনুপ কুমার দত্ত জাম গাছের চারা রোপণ করার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সবশেষে শিক্ষাকর্মী প্রদীপ বিশ্বাসের দায়িত্বে তরুণ দাসের নেতৃত্বে সকলের মধ্যে লুচি মিস্টি ইত্যাদি বিতরণ করা হয়।







