পশ্চিমবঙ্গ আবাস : জামালপুরে ২৮০০ জন উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেলেন
Sangbad Prabhati, 6 August 2026
অতনু হাজরা, জামালপুর : ৬ আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ আবাসে ১০ লক্ষ ২০ হাজার ৩৭৯ জনের একাউন্টে পশ্চিমবঙ্গ আবাসে দ্বিতীয় পর্যায়ের ৬০ হাজার করে টাকার অনুদান দিলেন। যার জন্য খরচ হবে ৬১২২ কোটি ২৭ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠান রাজ্যের সমস্ত ব্লকেই করা হয়। পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক অফিসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী, রামকৃষ্ণ চক্রবর্তী, টুম্পা চ্যাটার্জী, তপন বাছার, প্রধান চন্দ্র পাল, শুভঙ্কর মালিক, সুরভী লতা মন্ডল,পার্থ ঘোষ সহ অন্যান্যরা।
বিডিও জানান ব্লকে আজ ২৮০০ জন উপভোক্তা বাড়ি তৈরীর দ্বিতীয় কিস্তির ৬০ হাজার করে টাকা পেলেন। এর সাথে তিনি এই উপভোক্তাদের উদ্দেশ্যে বলেন সকলে টাকা পেয়েই যেন বাড়ি করে নেন। কোনো ভাবেই টাকা ফেলে রাখা যাবে না। রাজ্য সরকার প্রধান মন্ত্রী আবাস যোজনায় প্রত্যেক গৃহহীন মানুষ যাদের মাটির বাড়ি তারা সকলেই ধীরে ধীরে এই প্রকল্পে বাড়ি দেবেন। আজ অনুষ্ঠান থেকে ৩ জনের হাতে ৬০ হাজার টাকার প্রতীকী চেক তুলে দেওয়া হয়।



