মঙ্গলে মঙ্গল প্রধান চন্দ্র পালের, উঠে গেল বিজেপি নেতার সাসপেনশন অর্ডার, সভাপতি পদে পুনর্বহাল
Sangbad Prabhati, 7 July 2026
অতনু হাজরা, জামালপুর : বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি জবাবে সন্তুষ্ট হয়ে জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল এর সাসপেনশন অর্ডার তুলে নিল। যা নিয়ে সরগরম জামালপুর। এমনিতেই নিজেকে দক্ষ সংগঠক হিসাবে তুলে ধরেছেন প্রধান বাবু। তাকে শো কজ করার পর তিনি বলেছিলেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এখন সেটাই প্রমাণ হলো। রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি মঙ্গলবার তাঁকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিল।
৭ জুলাই থেকে তিনি তাঁর নিজের দলের স্বাভাবিক কাজ করে যেতে পারবেন। প্রধান বাবু মঙ্গলবার দলের কাছে, দলের রাজ্য নেতৃত্ব, জেলা সভাপতি, বিধায়কের প্রতি ও জামালপুরের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তিনি জানতেন তিনি ফিরে আসবেনই। এই সময়কালে দলের কর্মীরা যেভাবে তাঁর পাশে ছিলেন তাতে তিনি আপ্লুত। তিনি বার বার দলের কাছে কৃতজ্ঞতা জানান। প্রধান চন্দ্র পাল আবার দলে ফিরে আসায় বিধায়ক অরুণ হালদার তাঁকে স্বাগত জানিয়েছেন। প্রধান চন্দ্র পাল মন্ডল সভাপতি পদে পুনর্বহাল হওয়ায় এলাকার কর্মী সমর্থকরাও বেজায় খুশি। সাসপেনশনের অর্ডার উঠে যাওয়ার খবর জানাজানি হতেই রাতে কয়েকশো মানুষ বিজেপির দলীয় কার্যালয়ের সামনে ভিড় জমায়। প্রধান বাবু সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
অন্যদিকে আর একটি খবর নিয়ে জামালপুরে জোর রাজনৈতিক চর্চা চলছে বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে, প্রতাপ ব্যানার্জীর স্বাক্ষর করা সাসপেনশন লেটার কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন হাজরার নামে। ভয় ভীতি প্রদর্শন, হুমকি, তোলাবাজি সহ দলবিরোধী কাজ করার জন্য তাঁকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে। এই খবরের সত্যতা যাচাইয়ের জন্য জামালপুরের বিধায়ক অরুণ হালদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান তাঁকে জানিয়েছেন যে সৌমেন বাবুকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে। এখন দেখার প্রধান বাবুর মত সৌমেন বাবুরও সাসপেনশন উঠে যায় কিনা ?




