"অরণ্য সপ্তাহ ২০২৬" উদযাপন : সচেতনতার বার্তা দিতে ৫ কিমি "গ্রিন রান"
Sangbad Prabhati, 15 July 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : "অরণ্য সপ্তাহ ২০২৬" উদযাপন উপলক্ষে বুধবার পূর্ব বর্ধমানের রমনাবাগানে বর্ধমান জুলজিক্যাল পার্কে বিশেষ অনুষ্ঠান হয়। "অরণ্য সপ্তাহ" উদযাপনে বন্যপ্রাণ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ৫ কিমি "গ্রিন রান" আয়োজিত হয়।
বর্ধমান বিভাগীয় বন কার্যালয়, স্টার্ট আপ ফাউন্ডেশন এবং পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের যৌথ উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংস্থা মিলিত প্রয়াস ও বর্ধমান ওয়েভের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকরা ছাড়াও অংশ নেয় বর্ধমান রাজ কলেজ এন.এস.এস. বিভাগ ও বর্ধমান শ্রী রামাশীষ হিন্দি হাই স্কুলের ছাত্র ছাত্রী সহ তিন শতাধিক অংশ গ্রহণ করে। ৫ কিলোমিটারের এই রানটি রামনাবাগান বন্যপ্রাণ অভয়ারণ্য থেকে শুরু হয়ে কৃষ্ণসায়র পার্ক হয়ে ড. বিধানচন্দ্র রায়ের মূর্তি সংলগ্ন এলাকা ঘুরে পুনরায় রমনাবাগান বন্যপ্রাণ অভয়ারণ্যে শেষ হয়। মিনি ম্যারাথনের উদ্বোধন করেন বিভাগীয় বনাধিকরিক সঞ্চিতা শর্মা ও অন্যান্য বনাধিকারিকরা।
আয়োজকদের পক্ষ থেকে সন্দীপন সরকার জানান, 'বন, বন্যপ্রাণ ও পরিবেশ সংরক্ষণের বার্তা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বানে আয়োজিত এই ম্যারাথণে পুরুষ বিভাগে সেরা তিন সুন্দরম চৌধুরী, মৈনাক সাহা ও প্রকাশ পাল এবং মহিলা বিভাগে সেরা তিন পায়েল খাতুন, শববম খাতুন ও ফাল্গুনী নস্কর কে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের পক্ষ থেকে বিশেষ ভাবে সম্মানীত করা হয়।




