স্বর্ণ ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলায় চাঞ্চল্য বর্ধমানে
Sangbad Prabhati, 18 July 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : স্বর্ণ ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শহর বর্ধমানের ১৪ নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকার ঘটনা। মারাত্মকভাবে জখম স্বর্ণ ব্যবসায়ী সোমনাথ কর্মকার কে রক্তাক্ত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে সোমনাথ কর্মকারের শারীরিক সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন, আঘাতের চোটে নাক ও নাকের পাশের হাড় ভেঙে যাওয়ায় অপারেশন করার প্রয়োজন।
অভিযোগ রাতে গহনা কেনার নাম করে সোমনাথ কে ফোন করে বাড়ি থেকে ডেকে পাঠিয়ে প্রাণঘাতী হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সোমনাথ কর্মকার নামে ওই স্বর্ণ ব্যবসায়ী বর্ধমান থানায় লিখিত অভিযোগে জানান, শুক্রবার রাত পৌনে এগারটার সময় ১৫/২০ জনের একটি দল তাঁর উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। দুষ্কৃতিদের আক্রমণে তাঁর মুখ, নাক, চোখ, কান সহ শরীরের একাধিক জায়গা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় মানুষজন ও তার পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনায় সোমনাথ কর্মকারের অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত গ্রেপ্তারের কোনও খবর নেই।



