জামালপুরে বিধায়কের অভিনন্দন যাত্রায় জনসমুদ্র, ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী, জেলা সভানেত্রী সহ বহু বিশিষ্টজন
Sangbad Prabhati, 10 July 2026
অতনু হাজরা জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বিধায়ক অরুণ হালদার এর নেতৃত্বে ঐতিহাসিক অভিনন্দন যাত্রা ও মহা বিজয় মিছিল অনুষ্ঠিত হলো শুক্রবার। এই মিছিলকে কেন্দ্র করে চাঁদের হাট বসে যায় জামালপুরে। মিছিলে সাধারণ মানুষ ও কর্মীদের সাথে যোগ দেন রাজ্যের খাদ্য মন্ত্রী অশোক কীর্তনীয়া ও বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকনা বসু। হালারা বিপত্তারিনী তলা থেকে শুরু হয় এই মিছিল।
জামালপুর পুলমাথা, বাজার, থানা মোড় হয়ে বাসস্ট্যান্ডে এসে এই মিছিল শেষ হয়। বাসস্ট্যান্ডে বাঁধা হয় বিরাট মঞ্চ। মিছিল শেষে সেখানেই সভা করা হয়। সেখানে উপস্থিত হন মেমারীর বিধায়ক মানব গুহ, রায়নার বিধায়ক সুভাষ পাত্র, কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার সহ একঝাঁক জেলা ও ব্লকের নেতৃত্ব। মিছিল বাসস্ট্যান্ডে আসার আগেই বাসস্ট্যান্ড ভর্তি হয়ে যায়। মিছিল যখন বাসস্ট্যান্ডে আসে তখন মিছিলের শেষ অংশ অনেক দূরে। মিছিলকে কেন্দ্র করে এই সময় জামালপুর স্তব্ধ হয়ে যায়। হুড খোলা গাড়িতে মন্ত্রী অশোক কীর্তনীয়া, স্মৃতিকণা বসু ও বিধায়ক অরুণ হালদার যখন মিছিলে এগুচ্ছিলেন তখন চারিদিকে শুধু জনসমুদ্র।
এই মিছিলকে সাফল্য মন্ডিত করতে যাঁরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করলেন তাঁরা চার মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সুরভী লতা মন্ডল, সন্তু শীল ও শুভঙ্কর মালিক। বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী বলেন জামালপুরের এই বিশাল জয়ে সকল কার্যকর্তার মিলিত চেষ্টার ফল।
তিনি জামালপুরের বিধায়ককে ধন্যবাদ জানান তাঁকে এখানে আমন্ত্রণ করার জন্য। তিনি বলেন দীর্ঘ দিন ধরে জামালপুরের মানুষের বাক স্বাধীনতা ছিল না। এবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার এসে তা বজায় থাকবে। তিনি অন্নপূর্ণা যোজনা নিয়ে সকলের উদ্দেশ্যে বলেন যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাঁরা ব্যাঙ্কের বই ঠিক করুন, আধার লিঙ্ক করা আছে কিনা সঠিক ভাবে দেখুন এবং আধার কার্ডে ফোন নাম্বার যুক্ত করার কথা বলেন। তিনি সকলকে আশ্বস্ত করেন সকলে এই টাকা পাবেন।
বিধায়ক অরুণ হালদার রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি জামালপুরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন জামালপুরের মানুষ এবার দেখবে একজন বিধায়কের কী কাজ। তিনি বলেন ক্ষমতা নিয়ে কেউ যেন দম্ভ না করেন। ক্ষমতা কখনও চিরস্থায়ী নয়। অন্যায় করলে শাস্তি তাঁকে পেতেই হবে। তিনি দলের সকলের উদ্দেশ্যে বলেন, সকলকে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। এদিন ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক প্রদীপ বাগ হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে মিছিলে যোগদান করেন।






