দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন জামালপুরে
Sangbad Prabhati, 21 June 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস সমস্ত সরকারী ও অন্যান্য প্রতিষ্ঠানে সাড়ম্বরে পালন করা হলো। জামালপুর ব্লক অফিসে যোগ দিবসের অনুষ্ঠানে সকলের সাথে একসঙ্গে যোগ ব্যায়াম করেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার। ছিলেন বিডিও পার্থ সারথী দে এবং ব্লক অফিসের কর্মীরা, এছাড়া টুম্পা চ্যাটার্জী, প্রধান চন্দ্র পাল, শুভঙ্কর মালিক, পার্থ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা।
আজ ২১ জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। সেখানের মূল অনুষ্ঠানের সাথে সাযুজ্য রেখে অন্যান্য জায়গায় এই অনুষ্ঠান করা হয়। বিধায়ক অরুণ হালদার বলেন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী কলকাতায় রেড রোডের অনুষ্ঠানে যোগদান করেছেন। এটা তাঁদের এক পরম পাওয়া। তিনি সকলকে নিজের নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার কথা বলেন।
তিনি বলেন প্রত্যেকের নিজের প্রয়োজনে দিনের কিছুটা সময় বার করে যোগ ব্যায়াম করা উচিত। এত সুন্দরভাবে এই যোগ দিবস পালন করার জন্য তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। জামালপুর ব্লকের সমস্ত সরকারী বিদ্যালয়ে সরকারী নির্দেশে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে।
জামালপুরে বিজেপির ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল তাঁর মন্ডল পার্টি অফিসের সামনে এলাকার মানুষদের নিয়ে যোগ দিবস পালন করলেন। সেখানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, বর্ষীয়ান নেতা জিতেন ডকাল ও খোকন ঢালী সহ অন্যান্যরা। সেখানে প্রায় ১ ঘণ্টা ধরে চলে যোগাভ্যাস। ছিলেন নির্দিষ্ট ট্রেনার। প্রধানবাবু বলেন দেশের প্রধানমন্ত্রী আজ কলকাতায় রাজ্যের যোগা দিবসের মূল অনুষ্ঠানে অংশ নিয়েছেন এটা তাঁদের কাছে এক বিরাট গর্বের ব্যাপার। তিনি বলেন, প্রধানমন্ত্রীজী বলেছেন স্বাস্থ্যই সম্পদ। তাই সকলকে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। সকলকে নিয়মিত যোগাভ্যাস করার কথা বলেন তিনি।






