তৃণমূলের ব্লক সভাপতির অফিসে তল্লাশি, উদ্ধার প্রচুর ত্রিপল ও কম্বল
Sangbad Prabhati, 11 June 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খানের পার্টি অফিসে তল্লাশি চালায় পুলিশ। ছিলেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার ও বিডিও পার্থ সারথী দে। সকালে তৃণমূলের পার্টি অফিস ঘিরে ফেলে জামালপুর থানার পুলিশ। ছিল কেন্দ্রীয় বাহিনী।
পার্টি অফিস এবং তার সংলগ্ন গোডাউন থেকে প্রচুর সংখ্যায় ত্রাণের ত্রিপল ও কম্বল উদ্ধার করা হয়। এই বিপুল পরিমাণ জিনিস উদ্ধারে বিধায়ক অরুণ হালদার বলেন, সারা রাজ্য জুড়ে এই কাজ করে গেছে তৃণমূলের নেতারা। এখানের ব্লক সভাপতি মেহেমুদ খান এমন কাজ করেছেন যে এলাকায় থাকতে পারছেন না। এই সমস্ত জিনিস সিজ করে ব্লকে নিয়ে যাওয়া হবে। তারপর সাধারণ মানুষের প্রয়োজন মতো তাদের দেওয়া হবে।
অরুণ বাবু সংবাদ মাধ্যমে জানান, তিনি বিধায়ক তাঁরও যদি কোনো জিনিস আসে সেগুলো বিডিও অফিসেই থাকবে, তাঁর কাছে যার প্রকৃত প্রয়োজন তিনি নিজে এলে তিনি স্লিপ করে দিলে বিডিও অফিস তার রেজিস্টার মেনটেন করে তবে ত্রিপল বা অন্যান্য জিনিস তুলে দেবে। তিনি আরো বলেন সাধারণ গরীব মানুষদের হাতে এগুলো না দিয়ে এইভাবে রেখে দেওয়ায় অসহায় মানুষগুলোর অভিশাপ বা চোখের জল তৃণমূল নেতাদের লেগেছে। তাই আজ দলটার প্রায় অস্তিত্বই নেই আর।




