রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বর্ধমানে সর্বমঙ্গলা মাতার মন্দিরে পুজো দিলেন মন্ত্রী মৌমিতা
Jagannath Bhoumick
Sangbad Prabhati, 10 June 2026
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : দেশে রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে দীর্ঘ সময় নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার মাইলফলক অর্জন করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সিংহাসনে বসে সুখ্যাতির সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন। এই মুহূর্তে বিশ্বের শক্তিধর রাষ্ট্র নেতাদের মধ্যে নরেন্দ্র মোদী একটি উজ্জ্বল নাম। তিনি ৪ হাজার ৩৯৯ দিন ক্ষমতার আসনে আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রেকর্ড গড়ার ফলে পূর্ব বর্ধমানের গ্রাম থেকে শহরে উচ্ছ্বাস।
উল্লেখ্য ইতিপূর্বে দেশে একটানা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরু এই কৃতিত্বের অধিকারী ছিলেন। তিনি নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতার আসনে ছিলেন একটানা ৪ হাজার ৩৯৮ দিন। নরেন্দ্র মোদী আজ সেই রেকর্ড ভেঙে দিলেন।
তবে, ১৯৪৭ সাল থেকে ধরা হলে জওহরলাল নেহরু ক্ষমতায় ছিলেন ১৬ বছর ২৮৬ দিন অর্থাৎ ৬ হাজার ১৩০ দিন। কিন্তু তখন কোনও সাধারণ নির্বাচন হয়নি। তাই নির্বচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দেশে এক নতুন মাইলফলক অর্জন করেছেন।
ভারতীয় জনতা পার্টির সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে আজ বর্ধমানের সর্বমঙ্গলা মাতার মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি হোমযজ্ঞ করে দেশের সুখ সমৃদ্ধি, জনকল্যাণ এবং ‘বিকশিত ভারত’ এর সংকল্প সফল হোক এই প্রার্থনা জানালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। তিনি বলেন, মা সর্বমঙ্গলার আশীর্বাদে দেশ আরও শক্তিশালী, সমৃদ্ধ ও আত্মনির্ভর হয়ে উঠুক এটাই প্রার্থনা।
উল্লেখ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী হিসেবে মৌমিতা বিশ্বাস মিশ্র ১ জুন শপথ নিয়েছিলেন। আজ মৌমিতা বিশ্বাস মিশ্র প্রতিমন্ত্রী হিসেবে শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দপ্তরের দায়িত্ব পেলেন।
বুধবার মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র সর্বমঙ্গলা মাতার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে পুজো দিলেন।
হোমযজ্ঞ করার পর মন্দিরে সাধারণ ভক্তদের সঙ্গে একই পঙতিতে বসে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করলেন। ভোটের আগে যেমন সবার সঙ্গে মিশে ছিলেন মন্ত্রী হওয়ার পরেও একই রয়েছেন। সাধারণ মানুষজনও মন্ত্রীর ব্যবহারে আপ্লুত।




