Drug free নেশা মুক্ত ভারত অভিযানে সামিল পূর্ব বর্ধমান জেলা
Sangbad Prabhati, 26: June 2026
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলায় নেশা মুক্ত ভারত অভিযান ২৬ জুন থেকে শুরু হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং সমাজ কল্যাণ দপ্তর যৌথভাবে জেলা পরিষদের অঙ্গীকার হলে এই কর্মসূচির আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন জেলা শাসক শ্বেতা আগরওয়াল, অতিরিক্ত জেলা শাখার (জেলা পরিষদ) প্রতীক সিং, জেলা সমাজ কল্যাণ আধিকারিক নীলিমা সামন্ত, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হেমব্রম, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শাসক শ্বেতা আগরওয়াল সহ অন্যান্যরা।
জেলাকে নেশামুক্ত করতে একাধিক সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কর্মসূচি আয়োজিত হয়। জেলা আবগারি দপ্তরের পক্ষ থেকে সামগ্রিক বিষয়টি প্রজেক্টারের মাধ্যমে সুন্দর ভাবে তুলে ধরা হয়।
জেলা শাসক বলেন, যুবসমাজ যেকোনো জাতির শক্তি এবং সমাজ ও দেশের উন্নয়নে যুবশক্তির এক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই, সর্বাধিক সংখ্যক যুবকের মাদকমুক্ত ভারত অভিযানে যোগদান করা অত্যন্ত জরুরি।
এদিন নেশা মুক্ত ভারত অভিযান নিয়ে একটি ট্যাবলো যাত্রার সূচনা করেন জেলা শাসক শ্বেতা আগরওয়াল সহ অন্যান্যরা। জেলা জুড়ে প্রতিটি ব্লক এলাকায় এই ট্যাবলোর মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হবে। আগামী ১০ জুলাই পর্যন্ত এই ট্যাবলো পরিক্রমা চলবে।
জানা যায়, এই অভিযানের অধীনে জেলায় শহর থেকে গ্রামে স্বেচ্ছাসেবক বা 'নেশা মুক্ত মিত্র' তৈরি করা হচ্ছে।, যারা গ্রামে গ্রামে ঘুরে মানুষকে সচেতন করবেন। মাদকাসক্ত ব্যক্তিদের মূল স্রোতে ফিরিয়ে আনতে জেলায় বিশেষ কাউন্সেলিং সেশন এবং সরকারি/বেসরকারি পুনর্বাসন কেন্দ্রের (Nasha Mukti Kendra) মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।





