পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয়ে মনোজ্ঞ অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী
Jagannath Bhoumick
Sangbad Prabhati, 20 June 2026
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হলো বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয়ে। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, অনুষ্ঠানের মুখ্য বক্তা শিক্ষাবিদ সমরেশ রায়, অধ্যাপক কুশল চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। উপনিষদের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মন্ত্রী তাঁর উদ্বোধনী বক্তব্যে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের বিষয়ে আলোকপাত করেন।
এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকারের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র কে কাছে পেয়ে কলেজের অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকা থেকে শিক্ষাকর্মী এবং ছাত্র-ছাত্রীরা আপ্লুত। কলেজের সামগ্রিক উন্নয়নে মন্ত্রীর পাবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।
মন্ত্রী মৌমিতা বিশ্বাস এদিন ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
কলেজের পক্ষ থেকে মন্ত্রী সহ অতিথিদের উত্তরীয়, পুষ্পস্তবক ও স্বামী বিবেকানন্দের বাঁধানো ছবি তুলে দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মৌমিতা বিশ্বাস বলেন, পশ্চিমবঙ্গ দিবস কেন ? এটা আমরা অনেকেই জানিনা। এটা কোন লজ্জার নয়, কোনও ভয়ের নয়। আসলে স্বাধীনতার পরবর্তী সরকারগুলোর সিস্টেমে বিষয়টি জানতে দেওয়া হয়নি। তবে পশ্চিমবঙ্গ দিবসের কথা বললে একটি নাম সমভাবে উচ্চারিত হয়। তিনি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি না থাকলে আজ পশ্চিমবঙ্গ বলে কিছু থাকত না। হিন্দুদের নিজস্ব ভূমির জন্য তিনি লড়াই করেছেন। আদায় করে নিয়েছিলেন পশ্চিমবঙ্গের স্বীকৃতি।
আর সেই জন্যই কংগ্রেস, সিপিএম, টিএমসি কোনও সরকার চায়নি ইতিহাসের পাতায় ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর নামটি লেখা হোক। ওরা ইতিহাসকে বিকৃত করেছে। আজ পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় এসেছে। তাইতো মানুষ জানতে পারছে হিন্দুদের অস্তিত্ব রক্ষার ইতিহাস। পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস।
এদিনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ দিবস এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর উপর মনোজ্ঞ বক্তব্য রাখেন শিক্ষাবিদ সমরেশ রায়।






