জামালপুর ব্লকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন
Sangbad Prabhati, 20 June 2026
অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে আজ সাড়ম্বরে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। রাজ্যের প্রতিটি ব্লকে পালন করা হচ্ছে এই দিনটি। পশ্চিমবঙ্গ দিবস উদযাপনকে বিশেষ ভাবে স্মরণীয় করতে হুগলির তারকেশ্বরে রাজ্য সরকারের একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। সেই সময়টাকেই সামনে রেখে জামালপুর ব্লকের ব্লক অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারকেশ্বরে হওয়া মূল অনুষ্ঠানটি এখানে দেখানোর ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ হালদার, বিডিও পার্থ সারথী দে, ব্লক কৃষি আধকারিক বিপাশা দাস শিক্ষক পার্থ ঘোষ সহ অন্যান্যরা।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে শ্যামাপ্রসাদ মুখার্জীর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা ও সম্মান জানান বিধায়ক সহ উপস্থিত সকলে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুম্পা চ্যাটার্জী, প্রধান পাল, তপন বাছার, প্রদীপ বাগ, সুভাষ কোলে, অভিজিৎ ঘোষাল সহ অন্যান্যরা।
মূল অনুষ্ঠান চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মস্থান সংরক্ষণ করে সংগ্রহশালা করা হবে এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তি বানানো হবে বলে ঘোষণা করেন তখন উপস্থিত সকলে হাততালি দিয়ে সমর্থন জানান। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অরুণ হালদার বলেন তিনি তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে আদর্শ মেনে। মাত্র ১৪ বছর বয়সে তিনি শ্যামা প্রসাদ মুখার্জীর জীবনি পড়ে শেষ করেন। পশ্চিমবঙ্গের বিগত সব সরকারই শ্যামাপ্রসাদ মুখার্জীর এই আত্ম বলিদান কে সেই ভাবে প্রচার করে নি। আজ রাজ্যে পরিবর্তনের সরকার এসেছে তাই সারা রাজ্য জুড়ে আজ শ্যামাপ্রসাদ মুখার্জীকে স্মরণ করা হচ্ছে এর থেকে গর্বের আর কী হতে পারে।
জামালপুরের বিধায়ক অরুণ হালদার আজ জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান। অনেক দিন ধরেই নানা অভিযোগ তাঁর কাছে আসছিল। সে বিষয়ে সরেজমিনে দেখতে যান তিনি। তিনি ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডাঃ শঙ্খ শুভ্র দাসের সাথে কথা বলেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন জনগণের অসুবিধা কোনো ভাবেই করতে দেওয়া যাবে না। সেটা তিনি কিছুতেই মেনে নেবেন না।
পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আজ জামালপুর ব্লকের সমস্ত স্কুলে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপির জামালপুর ১ নং মণ্ডলের সভাপতি প্রধান চন্দ্র পাল নিজের মন্ডল পার্টি অফিসে সম্মান ও শ্রদ্ধার সাথে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর ছবিতে মাল্যদান করেন। প্রধান বাবু ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, বর্ষীয়ান নেতা খোকন ঢালী সহ অন্যান্যরা।
আজ তিনি এই শুভ দিনে অফিস সংলগ্ন এলাকায় বৃক্ষ রোপণ করেন এবং সাধারণ মানুষের হাতে বৃক্ষ শিশু তুলে দেন।







