বিশিষ্ট চিকিৎসক সুশান্ত কুমার দাস এর জীবনাবসান 


Satyajit Dutta 
Sangbad Prabhati, 11 June 2026

সত্যজিৎ দত্ত, বর্ধমান : শহর বর্ধমানের বিশিষ্ট চিকিৎসক সুশান্ত কুমার দাস প্রয়াত হয়েছেন। আজ সকালে ইতালির ভেনিস শহরে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ডাঃ এস কে দাস বিভিন্ন সময়ে জেলা ও রাজ্যের এবং সর্বভারতীয় ক্রীড়া ও বিভিন্ন সেবামূলক সংস্থার সাথে যুক্ত ছিলেন।

ডাঃ সুশান্ত কুমার দাস কলকাতার মোহনবাগান ক্লাবের প্রাক্তন কার্যকরী সমিতির সদস্য ছিলেন, পশ্চিমবঙ্গ রাজ্য টেনিকোয়েড সংস্থার প্রাক্তন সভাপতি, বর্ধমান জেলা রেডক্রস সংস্থার প্রাক্তন সম্পাদক ছিলেন। তিনি বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা, বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থা এবং বর্ধমান জেলা ভলিবল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ছিলেন। সেবামূলক কাজের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে তার যথেষ্ট অবদান রয়েছে।

বর্ধমানের ইস্ট ওয়েস্ট মডেল স্কুল ও ইস্ট ওয়েস্ট এডুকেশন সোসাইটি এবং ইস্ট ওয়েস্ট মেডিকেল সায়েন্সের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া অধুনা বর্ধমান অ্যাপোলো হাসপাতালেরও প্রতিষ্ঠাতা ডাঃ এস কে দাস। ইতিপূর্বে এই স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানের নাম ছিল অ্যাপোলো নার্সিং হোম। তাঁর মৃত্যুতে বর্ধমানের বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া।