কালনা পৌরসভায় চালু ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা
Sangbad Prabhati, 4 June 2026
সৈয়দ আবু জাফর, কালনা : পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভায় চালু হলো ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এবার অনলাইনেই মিলবে বিভিন্ন পরিষেবার অর্থপ্রদান সুবিধা। নাগরিক পরিষেবাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কালনা পৌরসভা।বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে কালনা পৌরসভায় চালু হলো ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এর ফলে এবার থেকে পৌরসভার বিভিন্ন পরিষেবার জন্য নাগরিকরা ডিজিটাল মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন। এতদিন পর্যন্ত পৌরসভার বিভিন্ন পরিষেবা বাবদ অর্থপ্রদান মূলত নগদ টাকার মাধ্যমেই করা হতো। সম্পত্তি কর (ট্যাক্স) জমা দেওয়া থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন পরিষেবার জন্য প্রয়োজনীয় ফি নগদেই জমা দিতে হতো সাধারণ মানুষকে। নতুন এই ব্যবস্থার ফলে এখন থেকে UPI, অনলাইন পেমেন্ট ও অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সহজেই অর্থ জমা দেওয়া যাবে।
বৃহস্পতিবার কালনা পৌরসভা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনার নবনির্বাচিত বিধায়ক সিদ্ধার্থ মজুমদার, কালনা পৌরসভার পৌরমাতা রীণা ব্যানার্জী সহ পৌরসভার জনপ্রতিনিধি, আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সিদ্ধার্থ মজুমদার বলেন, বর্তমান যুগে ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই কালনা পৌরসভায় এই ডিজিটাল পেমেন্ট পরিষেবা চালু করা হয়েছে। এর ফলে নাগরিকদের সময় বাঁচবে এবং পরিষেবার ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আসবে।




