বিশ্ব সাইকেল দিবসে বর্ধমানে সুস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা
Sangbad Prabhati, 3 June 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ৩ জুন বিশ্ব সাইকেল দিবস। এই দিনটিকে সামনে রেখে বর্ধমানে সুস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা দিল তিনটি সামাজিক সংগঠন। সাইকেল শুধু একটি যানবাহন নয়, এটি সুস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক সাশ্রয়ের প্রতীক। নিয়মিত সাইকেল চালালে শরীর সুস্থ থাকে, হৃদরোগ, ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি কমে। একই সঙ্গে সাইকেল পরিবেশবান্ধব হওয়ায় বায়ুদূষণ ও শব্দদূষণ হ্রাস পায় এবং কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই বার্তাকে সামনে রেখে পরিবেশপ্রেমী সংগঠন মিলিত প্রয়াস, ফিট ইন্ডিয়া ও স্টার্ট আপ ফাউন্ডেশন এর সহযোগিতায় একটি সাইকেল র্যালি আয়োজন করে। উদ্যোক্তাদের তরফ থেকে প্রতনু রক্ষিত ও পার্থ প্রতিম মিত্র জানান সাইকেল চালানোর উপকারিতা সংক্রান্ত বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই ১০০ জন আরোহীকে নিয়ে এই সাইকেল র্যালির আয়োজন করা হয়।
এই সাইকেল র্যালিতে ১০ বছর থেকে শুরু করে ৭০ বছর বয়স্ক মানুষও অংশ অংশগ্রহণ করেন। এই অভিনব উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।





