Sangbad Prabhati, 30 May 2026
অতনু হাজরা, জামালপুর : জামালপুর বিডিও অফিসের পক্ষ থেকে আয়োজিত হলো রক্তদান শিবির। শনিবার এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণী উন্নয়ন, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। ব্লকের পঞ্চায়েত সমিতির মিটিং হলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
ক্ষুদিরাম বাবু উপস্থিত রক্তদাতাদের হাতে একটি করে ফলন্ত ছোট আম গাছ তুলে দেন। তিনি জামালপুরে ব্লক অফিসকে ধন্যবাদ জানান এই সময় রক্তদান শিবিরের আয়োজন করার জন্য। এছাড়াও রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জজ জামালপুরের বিধায়ক অরুণ হালদার, বিশিষ্ট সমাজসেবী স্মৃতিকণা বসু।
বিধায়ক অরুণ হালদার বলেন, এই সময় প্রতিটি ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট চলছে সেই সময় দাঁড়িয়ে ব্লক অফিসের পক্ষ থেকে এই প্রয়াস সত্যি প্রশংসার যোগ্য।তিনি বিডিও পার্থ সারথী দে কে ধন্যবাদ জানান।
ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে ৬০ জন রক্তদাতা এদিন রক্তদান করেন এবং সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে।







