জামালপুরের মসাগ্রামে বিজেপির পার্টি অফিস উদ্বোধন
Sangbad Prabhati, 10 May 2026
অতনু হাজরা, জামালপুর : জামালপুরের মসাগ্রাম স্টেশন বাজারে নিজের শ্বশুর মশাইয়ের অফিস ঘরকে বিজেপির দলীয় কার্যালয় হিসাবে দিলেন বিজেপি নেত্রী সৈয়দ সেরিনা। ২০২১ সালে তৃণমূল জয়ী হওয়ার পর এখানে বিজেপির পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয় ও অনেকের দোকান বন্ধ করা হয়। ঘরছাড়া হয় বেশ কিছু কর্মী সমর্থক। আজ রাজ্যে বিজেপি ক্ষমতায় তাই এই খুশীর দিনে সৈয়দ সেরিনা নিজেদের ঘর দিয়ে দিলেন পার্টি অফিসের জন্য। এই উপলক্ষ্যে এখানে উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন হাজরা, ২ নং মন্ডল সভাপতি সুরভীলতা মন্ডল, ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল সহ স্থানীয় বিজেপি কর্মীরা। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের প্যাকার্ড হাতে নিয়ে মিছিল করে সকলে পার্টি অফিসে প্রবেশ করেন। সেরিনা বিজেপির পার্টি অফিস করার জন্য দলকে ঘর উপহার দেওয়ায় সৌমেন বাবু বিশেষ ভাবে ধন্যবাদ জানান।
তিনি বলেন রাজ্যে মানুষের জন্য সরকার গঠন হয়েছে। এই পার্টি অফিস এই অঞ্চলের মানুষের জন্য সর্বদা খোলা থাকবে। মানুষের যেকোনো সমস্যায় তাঁরা পাশে থাকবেন বলে তিনি জানান।
সেরিনা জানান, তাঁদের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা যা নির্দেশ দিয়েছেন তা তাঁরা অক্ষরে অক্ষরে মেনে চলবেন। মানুষের তৃণমূলের উপর ক্ষোভ ছিল তাই দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। তাই এই সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তাঁরা সবাইকে নিয়ে চলতে চান বলে তিনি জানান।
অপরদিকে আজ জামালপুর ১ নং মন্ডল চৌবেড়িয়া অঞ্চলে ও জামালপুর পুলমাথা সংলগ্ন জেলেপাড়া অঞ্চলে দুটি বিজয় মিছিল বের করা হয়। চৌবেড়িয়ায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, শক্তি কেন্দ্র প্রমুখ সৌরভ হাজরা সহ এলাকার কর্মী সমর্থকরা। গেরুয়া আবির খেলায় কর্মীরা বিজয়ের আনন্দে মেতে ওঠেন।





