ISRO ইসরোর শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেল মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের ছাত্র
Sangbad Prabhati, 13 April 2026
সেখ সামসুদ্দিন, মেমারি : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার সুযোগ পেল মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্র অহন মান্না। আগামী ১০ মে ইসরোর সেন্টারে পৌঁছাবে অহন । জাতীয় রিমোট সেন্সিং কেন্দ্র (এনআরএসসি), হায়দ্রাবাদ স্পেস সেন্টারে ২৩ মে পর্যন্ত প্রশিক্ষণ নেবে সে। এই খবরে খুশির হাওয়া তার স্কুল ও এলাকায়।
অহন এর মা বাবার কথায়, ছোটবেলা থেকেই মহাকাশ ওকে ভাবায়, ভবিষ্যতে ওর লক্ষ্য বিজ্ঞানী হওয়া। স্বপ্নের পেছনে ছুটতে এই ছাত্রকে বরাবর অনুপ্রেরণা দিয়ে চলেছে তার বিদ্যালয়। শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেতে অনলাইনে বিভিন্ন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। সমগ্ৰ ভারত থেকে চার লক্ষাধিক ছাত্রছাত্রীর মধ্য থেকে মাত্র ০.০০১১৪ শতাংশ সুযোগ পেয়েছে । ১৩ এপ্রিল ফল প্রকাশিত হতে দেখা যায়, সুযোগ পেয়েছে অহন। মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের প্রিন্সিপাল অরুন কান্তি নন্দী বলেন, ‘ছাত্রছাত্রীদের প্রতিভাকে খুঁজে বার করা ও তাদের উদ্দীপ্ত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা, তারই ধারাবাহিক ফল পেয়ে চলেছি। বিগত কয়েক বছরেই ইসরোর এই শিবিরে আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যোগদানের সুযোগ পেয়ে চলেছে, ক্রমাগত ছাত্র ছাত্রীদের এই সাফল্য সর্ব ভারতীয় স্তরে এক অনন্য মাত্রা যোগ করেছে।



