বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের সমর্থনে বর্ধমানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা'র রোড শো
Sangbad Prabhati, 22 April 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের উত্তাপ ক্রমশ বাড়ছে। ২২ এপ্রিল বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের সমর্থনে আয়োজিত এক বর্ণাঢ্য রোড শো-তে অংশ নেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এদিন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে আই-প্যাককে কড়া ভাষায় আক্রমণ শানান। অসমের মুখ্যমন্ত্রী অভিযোগ, “নির্বাচনে বিজেপি, তৃণমূল, কংগ্রেসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়, কিন্তু আই-প্যাক কোনও রাজনৈতিক দল নয়। অথচ বাংলায় তোলাবাজি ও সিন্ডিকেট রাজ আই-প্যাকের মাধ্যমেই চলছে।" এদিন বর্ধমান শহরের কার্জন গেট থেকে রাজবাটি পর্যন্ত বিশাল র্যালিতে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের পাশাপাশি উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস এবং বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা। রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, আই-প্যাকের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দপ্তরে গিয়ে নিজের পদের মর্যাদা খর্ব করেছেন। আসন্ন নির্বাচনে বিজেপির জয় প্রসঙ্গে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন পেয়ে সরকার গঠন করবে বিজেপি। একইসঙ্গে বর্ধমান দক্ষিণ ও বর্ধমান উত্তর এই দুই কেন্দ্রেও বিজেপির জয় নিশ্চিত বলেও জানান তিনি। প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করেও রোড শো ঘিরে ছিল ব্যাপক উৎসাহ। প্রায় এক কিলোমিটার জুড়ে রাস্তার দু'পাশে ভিড় জমায় সাধারণ মানুষ। রথের আদলে সাজানো গাড়ি থেকে হাত নেড়ে ও ফুল ছড়িয়ে জনতাকে অভিবাদন জানান হিমন্ত বিশ্বশর্মা ও অন্যান্য নেতৃত্ব।



