তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূতনাথ মালিক এর সমর্থনে জামালপুরে চিত্রাভিনেত্রী শতাব্দী রায় এর র্যালিতে জনজোয়ার
Sangbad Prabhati, 30 March 2026
অতনু হাজরা, জামালপুর : চিত্রাভিনেত্রী শতাব্দী রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে রোড শো করলেন জামালপুরে। তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান এবং প্রার্থী ভূতনাথ মালিক কে সঙ্গে নিয়ে হালাড়া বিপত্তারিনী মন্দিরের সামনে থেকে জামালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন। সাংসদ শতাব্দী রায় এর রোড শো ঘিরে প্রায় চল্লিশ হাজার মানুষের সমাগম হয়। হালাড়া বিপত্তারিনী মন্দিরের সামনে জামালপুর পুলমাথা পর্যন্ত মানুষের ঢল নামে।
প্রায় এক কিলোমিটার পথ জনজোয়ারে ভাসে। জামালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে সোমবার প্রচারে আসেন বীরভূমের সাংসদ বাংলার জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। হালারা মোড় থেকে র্যালী করা হয় জামালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত। জামালপুরের বুকে বিপুল সংখ্যক মানুষের মিছিল প্রমাণ করছে ভূতনাথ মালিকের জয় শুধু সময়ের অপেক্ষা। হালারা বিপত্তারিণী তলা থেকে হুড খোলা গাড়িতে প্রার্থী ভূতনাথ মালিক ও ব্লক সভাপতি মেহেমুদ খাঁন কে নিয়ে র্যালী শুরু হয়।
গাড়ি সেখান থেকে ভিড়ের চাপে এগুতেই পারছে না। ভিড় সামলাতে হিমসিম খেতে হয়। জামালপুর থানার ওসি কৃপাসিন্ধু ঘোষ নিজে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন। অনেক মানুষ র্যালিতে পৌঁছানোর আগেই তা শুরু হয়ে যায়। সাংসদ অভিনেত্রীকে যেমন মানুষ দেখার জন্য উদগ্রীব ছিল ঠিক তেমনই ছিল ভূমিপুত্র প্রার্থীর আবেগ।
আজ সাংসদ শতাব্দী রায়ের হাত ধরে বিজেপি মহিলা মোর্চার ১১ টি পরিবার এবং সি আই টি ইউ এর মেমারি জোনাল কমিটির সদস্য চন্দ্রনাথ মুখার্জীর সাথে ২০ টি পরিবার তৃণমূলের পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়।
শতাব্দী রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা করে দেখান। রাজ্য জুড়ে প্রচুর উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাকে বজায় রাখতে জামালপুরের ভূমি পুত্র ভূতনাথ মালিককে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জেতাবার আবেদন করেন। তিনি বলেন এই জনসমুদ্র প্রমাণ দিচ্ছে জামালপুরে কী ফল হতে যাচ্ছে।
ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন আজকে সিপিএম বা বিজেপি থেকে তৃণমূলে যোগদান এই সময় কেন করছে ? কারণ এসআইআর এর নামে যেভাবে বিজেপি চক্রান্ত করছে তাতে সবাই তাদের উপর তিতিবিরক্ত। তাই তৃণমূল যেহেতু এর বিরুদ্ধে প্রতিবাদ করছে তাই তারা তৃণমূলের সাথে যোগ দিচ্ছেন আর রাজ্যের উন্নয়ন তো আছেই। তিনি বলেন ৩৫ থেকে ৪০ হাজার মানুষ আজকের এই র্যালিতে পা মেলান।
প্রার্থী ভূতনাথ মালিক বলেন দল তাঁর প্রতি আস্থা রেখে তাঁকে প্রার্থী করেছেন এর জন্য তিনি দলের কাছে কৃতজ্ঞ। আর আজকে এই এত মানুষ যাঁরা তাঁর সমর্থনে এসেছেন তাঁদের সকলকে নতমস্তকে প্রণাম জানান। তাঁদের আশীর্বাদে তিনি এখান থেকে জয়লাভ নিশ্চিত ভাবেই করবেন। তিনি এখান থেকে বিধায়ক হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এই বিষয়গুলোর উপর জোর দেবেন। গত সপ্তাহ জুড়ে অঞ্চলে অঞ্চলে কর্মীসভা করার ফলে তৃণমূলের কতটা শক্তি বৃদ্ধি হয়েছে আজ তা দেখা গেলো।










