খুশির ঈদে সম্প্রীতির আবহে মাতলো জামালপুরবাসী
Sangbad Prabhati, 21 March 2026
অতনু হাজরা, জামালপুর : সারা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের খুশির ঈদ। পূর্ব বর্ধমানের জামালপুরেও সাড়ম্বরে পালিত হচ্ছে খুশির ঈদ উৎসব। ঈদগাহে ঈদগাহে চলছে ঈদের নামাজ। বত্রিশবিঘা ঈদগাহে গ্রামের সমস্ত মানুষ একসাথে এসে ঈদের নামাজ পড়েন। সকলের সঙ্গে একসাথে নিজের ছেলে ও জামাইকে নিয়ে নামাজে অংশ নেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন।
মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আজ অত্যন্ত পবিত্র খুশীর দিন। দীর্ঘ একমাস পবিত্র রোজা রাখার পর মহান আল্লাহ তালার কাছে আজ দোয়া পাঠ করা হয় যে তাঁদের এই একমাসের রোজা যেন তিনি কবুল করেন। আজকের দিনেই তাঁরা আল্লাহর নির্দেশ মেনে চলার শপথ করেন। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে।
বড়দের সাথে কচি কাঁচাদেরও নামাজ পড়তে দেখা যায়। মেহেমুদ খাঁন নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান। জামালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূতনাথ মালিকও আজকের এই ঈদের দিনে সকল মুসলমান ভাই বোনদের ঈদের শুভেচ্ছা জানান।




