সিপিআইএম এর প্রার্থী তালিকা প্রকাশ : বর্ধমান দক্ষিণ কেন্দ্রে প্রচার শুরু করলেন সুদীপ্ত গুপ্ত
Sangbad Prabhati, 16 March 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছে সিপিআইএম। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রথম রাউন্ডেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি -কে টেক্কা দিল সিপিআইএম। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করতে না পারলেও সিপিআইএম তাদের প্রার্থী ঘোষণা করেছে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সিপিআইএম শিক্ষক নেতা সুদীপ্ত গুপ্ত-কে প্রার্থী করেছে। ছাত্র যুব রাজনীতি থেকে উঠে আসা সুদীপ্ত বর্ধমান শহরে পরিচিত মুখ। বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকর সুদীপ্ত গুপ্ত কে নিয়ে শহরে প্রচারে নেমে পড়েছেন।
সুদীপ্ত বাবুর সাফ কথা বিভাজন ভুলে কর্মসংস্থানমুখী সুখী-সমৃদ্ধির বাংলা গড়তে বিকল্পের সরকার তৈরি করার আহ্বান জানিয়ে নির্বাচনী ময়দানে নেমেছেন। সিপিআইএম বর্ধমান দক্ষিণ বিধানসভার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্রেও প্রার্থীদের নাম ঘোষণা করেছে। খন্ডঘোষ বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী রামজীবন রায়। রায়না কেন্দ্রে সোমনাথ মাজী। জামালপুরে সমর হাজরা। কালনা কেন্দ্রে শর্মিষ্ঠা নাগ সাহা। মেমারি কেন্দ্রে কৃষানু ভদ্র। বর্ধমান উত্তর কেন্দ্রে মামনি মন্ডল রায়। ভাতাড় কেন্দ্রে হাসিনা খাতুন। পূর্বস্থলী উত্তর কেন্দ্রে প্রদীপ সাহা। কাটোয়া কেন্দ্রে সঞ্জীব কুমার দাস। মঙ্গলকোট কেন্দ্রে মিরাজ আলম সেখ। আউসগ্রাম কেন্দ্রে চঞ্চল কুমার মাজি। গলসি বিধানসভা কেন্দ্রে মনিমালা দাস কে প্রার্থী করা হয়েছে।



