পূর্ব বর্ধমানে জাতীয় সড়কের একাংশ ধসে ভেঙে পড়ার প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস
Sangbad Prabhati, 12 March 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার অন্তর্গত সরডাঙ্গার কাছে ১৯ নং জাতীয় সড়কের উপর নির্মিত একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সৌভাগ্য সেই মুহূর্তে কোনো গাড়ি সেখানে ছিল না। থাকলে বহু প্রাণ হানি ঘটতে পারতো। তারই প্রতিবাদে বৃহস্পতিবার দলীয় নির্দেশে তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁনের নেতৃত্বে ১৯ নং জাতীয় সড়ক অবরোধ করা হয়। উপস্থিত ছিলেন দলের সহ সভাপতি ভূতনাথ মালিক, জেলা এস টি সেলের সভাপতি তারক টুডু, যুব সভাপতি উত্তম হাজারী, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার সহ সমস্ত অঞ্চল সভাপতি ও কর্মী সমর্থকরা। বর্ধমান ও কলকাতার দুই দিকের রাস্তাই অবরোধ করেন তাঁরা।
মেহেমুদ খাঁন বলেন, সাধারণ মানুষ তাঁদের বিভিন্ন কাজে যেতে এই রাস্তা ব্যবহার করেন সারা দিনে হাজার হাজার গাড়ি চলাচল করে এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে। নিম্নমানের কাজ করার জন্য এই গুরুত্বপূর্ণ রাস্তার একাংশ ভেঙে পড়ে। দেশের জাতীয় সড়কের এই নিম্ন মানের কাজের জন্য তাঁরা প্রধান মন্ত্রীর কাছে জবাব চান। তিনি বলেন, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তাঁরা দেবেন না। যখন যা ইচ্ছা তাই করে যাচ্ছে কেন্দ্রের সরকার। হঠাৎ করে গ্যাসের দাম বাড়িয়ে মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। তাঁর ব্লকের মধ্যে জাতীয় সড়কের যেটুকু রাস্তা আছে তাতে সব জায়গায় লাইট পর্যন্ত লাগানো নেই। তাঁরা অবিলম্বে ঠিকাদারি সংস্থার লাইসেন্স বাতিল করতেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান। ভূতনাথ বাবু বলেন, অত্যন্ত নিম্ন মানের সামগ্রী দিয়ে এই রাস্তা তৈরী হয়েছে। তিনি অভিযোগের সুরে বলেন, কেন্দ্রের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর ঘনিষ্ঠ কোম্পানি এই রাস্তা করেছেন। অবিলম্বে সেই ঠিকাদারের লাইসেন্স বাতিল করার দাবী জানান তিনি। শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল বলেন, নিম্ন মানের জিনিসপত্র দিয়ে রাস্তা বানিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করতে তাঁরা দেবেন না। অবস্থান বিক্ষোভের স্থানে উপস্থিত ছিলেন জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু ঘোষের নেতৃত্বে পুলিশবাহিনী। কিছুক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ করে অবরোধ তুলে নেওয়া হয়।




