সাঁচড়া হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান খেলার মাঠের বাউন্ডারি ওয়ালের উদ্বোধন
Sangbad Prabhati, 10 March 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের সাঁচড়া হাই স্কুলে আজ বার্ষিক পুরস্কার বিতরণী ও বিধায়ক তহবিলে নির্মিত খেলার মাঠের বাউন্ডারি ওয়ালের শুভ উদ্বোধন হলো। এই উপলক্ষ্যে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, বনবিবিতলা হাই স্কুলের শিক্ষক পীযূষ কুমার দাস, শিক্ষক অতনু হাজরা, বিশিষ্ট সমাজসেবী সুদীপ মজুমদার, প্রদীপ ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ সাঁই, শিক্ষক প্রণব মাঝি সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
বিদ্যালয়ের গ্রন্থাগার এবং বিধায়ক তহবিলের টাকায় মাঠের বাউন্ডারি দেওয়া হয় তাঁর ফিতে কেটে উদ্বোধন করেন মেহেমুদ খাঁন। উদ্বোধন করতে গিয়ে তিনি বিদ্যালয়ের দুই কৃতি ছাত্র ছাত্রী অস্মিতা বৈরাগ্য ও দিশান ঘটককে ডেকে নিয়ে তাদের হাত দিয়ে উদ্বোধন করান। বক্তব্য রাখতে গিয়ে মেহেমুদ খাঁন বিদ্যালয় সেক্টরে রাজ্য সরকারের একের পর এক প্রকল্পের কথা তুলে ধরেন।
বিভিন্ন স্কলারশিপ, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী সহ নানা সুবিধার কথা ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরেন। বাল্য বিবাহ নিয়ে ছাত্র ছাত্রীদের তৈরী করা সুন্দর প্লাকার্ড দেখে বাল্য বিবাহ নিয়েও তাদের সচেতন করেন। তিনি বিধায়ক অলক কুমার মাঝিকে ধন্যবাদ জানান এই বিদ্যালয়ে তাঁর তহবিল থেকে অনুদান দেওয়ার জন্য। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। নাচ, গান, আবৃত্তি সহ নানা অনুষ্ঠানে মুখরিত হয় বিদ্যালয় প্রাঙ্গণ।
এই মঞ্চ থেকেই বিদ্যালয়ের অঙ্কন প্রতিযোগিতা, খাদ্যমেলা সহ কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়। প্রধান শিক্ষক দেবাশীষ সাঁই উপস্থিত মেহেমুদ খাঁন সহ উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বিধায়ক অলক কুমার মাঝিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁর বিদ্যালয়কে ৭ লক্ষ টাকা দেওয়ার জন্য। ওই টাকায় তাঁরা বিদ্যালয়ের খেলার মাঠটি ঘিরতে পেরেছেন। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।






