আঝাপুর হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়
Sangbad Prabhati, 7 February 2026
অতনু হাজরা, জামালপুর : আঝাপুর হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এলেন বোর্ড সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বোর্ড সভাপতি পরীক্ষার প্রথম দিন থেকেই তিনি বিভিন্ন জেলায় ঘুরছেন। আজ পূর্ব বর্ধমান জেলায় বেশ কয়েকটি স্কুলের সাথে আঝাপুর হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে আসেন বোর্ড সভাপতি। প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে একটি অপ্রীতিকর বা অবাঞ্ছিত ঘটনায় ওই স্কুলের একজন শিক্ষাকর্মী, প্রধান শিক্ষক সহ সাতজন শিক্ষককে সাসপেন্ড করে বোর্ড। সেই সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন বোর্ড পরীক্ষা ব্যবস্থা যাতে স্বাভাবিক ভাবে চালু থাকে সেটা নিশ্চিত করা কর্তব্য, সেটা তাঁরা করতে পেরেছেন। দুদিন সুষ্ঠ ভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। আর এই স্কুলে যে ঘটনা ঘটেছে সেটা একেবারেই প্রত্যাশিত নয়। আগামীতে বোর্ড আইন মেনেই পদক্ষেপ করবে। পরে তিনি গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়ে পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন মাধ্যমিকের জেলা কনভেনর অমিত ঘোষ। অতনু নায়েক সহ জেলা মনিটরিং টিমের সদস্যরা।
জামালপুর ব্লকের শিক্ষকরা বোর্ড সভাপতিকে তাঁদের পক্ষ থেকে সম্বর্ধনা জানান। পরে কলকাতা ফেরার পথে তিনি যখন সামান্য রেস্টের জন্য দাঁড়ান তাঁর সাথে গিয়ে দেখা করে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন।





