বর্ধমানে এস পি অফিসের ঢিল ছোড়া দূরত্বে ভরদুপুরে খুন, শহর জুড়ে আলোড়ন
Sangbad Prabhati, 3 February 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমানে এস পি অফিসের ঢিল ছোড়া দূরত্বে ভরদুপুরে খুন হয়েছেন এক চিকিৎসক। নিহতের নাম রাজা ভৌমিক (৪৬)। তবে খুনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। এই ঘটনার খবর চাউর হতেই শহর জুড়ে আলোড়ন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে শহর বর্ধমানের বাদামতলা এলাকায় এই নৃশংস খুনের ঘটনাটি ঘটেছে। জানা যায়, বাদামতলা এলাকা রাস্তার ধারেই রাজা ভৌমিকের চেম্বার। পুলিশ সূত্রে জানা যায়, আততায়ী জীবন রুইদাস থানায় এসে দাবি করে সে একজনকে খুন করে এসেছে। এরপর পুলিশ ওই আততায়ীকে সঙ্গে নিয়ে বাদামতলায় রাজা ভৌমিকের চেম্বারে পৌঁছে দেখে রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে রয়েছেন। এরপর পুলিশ রক্তাক্ত দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি শক্তিগড় থানার আমড়া এলাকায়। তাঁর দাবি, হাড়ের ডাক্তার (আরএমপি) রাজা ভৌমিক তার ঠাকুমায়ের ভুল চিকিৎসা করায় তিনি মারা যায়। আর সেই আক্রোশে এদিন চিকিৎসকের উপর হামলা চালায় সে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বাদামতলায় যে ঘরটিতে খুনের ঘটনা ঘটেছে পুলিশ সেই ঘরটি আপাতত সিল করে দিয়েছে।


