বর্ধমান হেড পোস্ট অফিসে বোমাতঙ্কে শহর জুড়ে তীব্র আলোড়ন
Sangbad Prabhati, 26 February 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান হেড পোস্ট অফিসে বোমাতঙ্কে শহর জুড়ে তীব্র আলোড়ন ছড়িয়ে পড়ে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে একটি হুমকি ইমেল আসাকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ইমেলে দাবি করা হয়েছিল যে পোস্ট অফিস চত্বরে বোমা রাখা আছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই বিস্ফোরণ ঘটবে। বিষয়টি প্রকাশ্যে আসতেই পোস্ট অফিসের কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রীতিমতো হুলুস্থুল পড়ে যায়। গোয়েন্দা আধিকারিকরা।
পোস্ট অফিসের ভারপ্রাপ্ত আধিকারিক চিন্ময় ব্যানার্জী জানিয়েছেন, এদিন দুপুরে ডিভিশন অফিসে ওই রহস্যজনক ইমেলটি আসে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে, দুপুর ১২টা ৪৯ মিনিট থেকে দুপুর ২টোর মধ্যে পোস্ট অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটানো হবে। এই ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে ওঠে। দেরি না করে পোস্ট অফিসের সমস্ত কর্মচারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। পোস্ট অফিসের সমস্ত ঢোকা ও বেরোনো বন্ধ করে দেওয়া হয়। পুলিশের গোয়েন্দা বিভাগ তল্লাশি অভিযান চালায়। আসে ডগ স্কোয়াড, শুরু হয় চিরুনি তল্লাশি। সন্দেহজনক কিছু পাওয়া যায় না গেলেও পুলিশ সতর্ক রয়েছে। তবে এটা নিছকই কোনো ভুয়ো হুমকি নাকি এর পেছনে বড় কোনো নাশকতার ছক রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


