পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে জামালপুরে উন্নয়নের জোয়ার
Sangbad Prabhati, 25 February 2026
অতনু হাজরা, জামালপুর : উন্নয়নকে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে সফল মা মাটি মানুষের সরকার। ২০১১ সালে বাংলায় রাজনৈতিক পালাবদলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কুরসিতে বসার পর তাঁর প্রথম এবং শেষ কথা ছিল রাজ্যের উন্নয়ন। উন্নয়নকে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়াই ছিল তৃণমূল সরকারের একমাত্র প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে অবিচল থেকেই উন্নয়নের জোয়ার বইছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। জামালপুর ব্লক তার ব্যতিক্রম নয়। জামালপুর ব্লকে প্রতিটি অঞ্চলে একের পর এক পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি হচ্ছে। যারফলে যোগাযোগ ব্যবস্থায় ব্যবসা বাণিজ্য প্রসারের সঙ্গে সাধারণ মানুষের অর্থনৈতিক মানোন্নয়ন হচ্ছে। বিরোধীরা বিরোধিতা করলেও উন্নয়নে সরকারের কোন খামতি নেই। বুধবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জারগ্রাম অঞ্চলে চকগোপালে পথশ্রী প্রকল্পে একটি রাস্তা উদ্বোধন করা হয়।
এই উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলে কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত প্রধান নুরজাহান বিবি সাহানা, অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ, ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার সহ অন্যান্যরা। চকগোপাল পিচ রাস্তা থেকে পাত্র পারা হয়ে ভায়া মাঝিপাড়া হয়ে চকগোপাল প্রাইমারী স্কুল পর্যন্ত প্রায় ১.৯ কিমি রাস্তা এই প্রকল্পে নির্মিত হয়েছে। যার আনুমানিক ব্যায় ১ কোটি ২০ লক্ষ ৬৭ হাজার টাকা।
মেহেমুদ খাঁন বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। জামালপুর ব্লকের প্রতিটি অঞ্চলে একাধিক পথশ্রী রাস্তা তৈরী করা হয়েছে। প্রতিটি গ্রামেই আজ হয় ঢালাই রাস্তা নয়তো পিচ রাস্তা তৈরী হয়েছে। উদ্বোধন করতে এসে উপস্থিত মানুষজনদের কাছে তিনি আবেদন করেন এই উন্নয়নের ধারা বজায় রাখতে চাইলে আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল মনোনীত প্রার্থীকে জয়লাভ করাবার কথা বলেন। ভূতনাথ বাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন উন্নয়ন কিভাবে করতে হয়। আজ বলতে দ্বিধা নেই রাজ্যের প্রায় প্রতিটি গ্রামেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁর অঞ্চলে এই রাস্তাটি নির্মাণ করে দেবার জন্য। এর ফলে অন্তত ৪ টি বুথের মানুষ উপকৃত হবেন।





